আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে আগেই বিদায় নেয়া ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপসেরা হয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৫ বল হাতে রেখে ১৮০ রানের টার্গেট ছুঁয়েছে প্রোটিয়ারা। সেমিফাইনালে তারা ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। আজ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ শেষে জানা যাবে, সেমিতে প্রোটিয়াদের প্রতিপক্ষ কোন দল। তাদের প্রতিপক্ষ ভারত হলে ম্যাচটি ৪ মার্চ দুবাইতে, আর সেমির প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলে ম্যাচটি ৫ মার্চ লাহোরে।

ইংল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। প্রোটিয়ারা দলীয় ১১ রানে ত্রিস্তান স্টাবস ও ৪৭ রানে রাইয়ান রিকেলটনকে হারায়। এরপর দলকে টানেন হেনরিক ক্লাসেন ও রাসি ফন ডার ডুসেন। ১২২ বলে ১২৭ রানের দারুণ এক জুটিতে এ দুজন দলকে জয়ের কাছাকাছি নিয়ে বিচ্ছিন্ন হন। ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরার পর ডেভিড মিলারকে (২ বলে ৭*) নিয়ে বাকি রানগুলো তুলে নেন ডুসেন (৮৭ বলে ৭২*)। এ জয়ে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হলো প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।

টস জিতে ব্যাটিং নেয়া ইংলিশরা শুরুতেই পড়ে দক্ষিণ আফ্রিকার পেস তোপের মুখে। এরপর স্পিনেও নাকাল হন জস বাটলার ও তার সতীর্থরা। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিং আক্রমণের মুখে ৩৮.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথম ওভারে ফিল সল্টকে (৮) সাজঘরে ফেরানোর পর নিজের দ্বিতীয় ওভারে জেমি স্মিথকে (০) শিকার করেন মার্কো ইয়ানসেন। সপ্তম ওভারে বেন ডাকেটকে ফিরতি ক্যাচে সাজঘরে পাঠিয়ে তিনিই ইংলিশদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন।

এরপর উইয়ান মুলডার (২৫ রানে ৩ উইকেট) ও কেশব মহারাজ (৩৫ রানে ২ উইকেট) দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে দুশর আগে আটকে দেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। ইয়ানসেন ৩৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

ইংল্যান্ডের টানা সপ্তম ওয়ানডে হারে বিরাট আর্থিক লাভ হলো বাংলাদেশের, যারা ষষ্ঠ স্থানে থেকে আসরটি শেষ করতে পারল। এতে বাড়তি প্রায় সাড়ে ৩ কোটি টাকা পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে পৌনে ৬ কোটি টাকা পাবে বাংলাদেশ।