বাছাইপর্বে একুয়েডরের বিরুদ্ধে ‘অযোগ্য’ খেলোয়াড় দলে নেয়ার
অভিযোগ তুলেছিল চিলি। চিলির আশা ছিল, অভিযোগ প্রমাণিত হলে একুয়েডরের পয়েন্ট কাটা যাবে এবং তারা উঠে যাবে
বিশ্বকাপের মূল পর্বে। এটি ফিফা ঘুরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গড়ায়। যদিও
শেষ পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকে একুয়েডর। সেই একুয়েডর একের পর এক চমক দেখাচ্ছে
কাতারে। প্রথম ম্যাচে কাতারকে দাপটে ২-০ গোলে হারানোর পর শুক্রবার রাতে ম্যাচে
শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপ ম্যাচে
নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করার কৃতিত্ব দেখিয়েছে একুয়েডর। উপভোগ্য
ম্যাচে কডি গাপকোর গোলে ষষ্ঠ মিনিটে লিড নেয় ডাচরা। যদিও অধিনায়ক এন্নার
ভ্যালেন্সিয়া ৪৯ মিনিটে একুয়েডরকে সমতায় ফেরান। এই ড্রতে এতে দুই দলেরই সংগ্রহ এখন
সমান ৪ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সেনেগাল,
আর দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে কাতারের।
মঙ্গলবার মুখোমুখি হবে একুয়েডর-সেনেগাল। এই ম্যাচের
বিজয়ী দল উঠে যাবে শেষ ষোলোয়। আর ড্র হলে নকআউটে উঠবে একুয়েডর। শেষ ম্যাচে ডাচদের
প্রতিপক্ষ কাতার। ডাচরা এক পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে। তবে হারলেও সুযোগ
আছে তাদের।










