গত ৭ মে আমেরিকান ব্যবসায়ী টড বোয়েলির নেতৃত্বাধীন গ্রুপের কাছে ইংলিশ ক্লাব চেলসি বিক্রি করার ব্যাপারে সমঝোতা হয়। এতে ইতি ঘটে রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে ক্লাবটির দুই দশকের পথচলা। বোয়েলির সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও প্রিমিয়ার লিগ ও যুক্তরাজ্য সরকারের অনুমোদন বাকি ছিল। অবশেষে সেটিও হয়ে গেল। গত ২৪ মে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ২৫ মে যুক্তরাজ্য সরকার বোয়েলির মালিকানায় অনুমোদন দিয়েছে। পর্তুগিজ সরকারও এই বিক্রির অনুমোদন দিয়েছে। পর্তুগালের অনুমোদনের প্রয়োজন ছিল কারণ আব্রামোভিচ ইউরোপের দেশটির পাসপোর্ট ধারণ করছেন। চেলসির মালিকানা হস্তান্তরের সকল প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে আগামীকাল সোমবার। খবর বিবিসি।

 

ক্লাবটি কিনতে টড বোয়েলির নেতৃত্বে ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার ও হ্যানসজর্গ ওয়েসদের খরচ হয়েছে ৪২৫ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার ৩৩০ কোটি টাকা। রয়টার্সের খবরে জানা গেছে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক ক্লিয়ারলেক ক্যাপিটাল প্রাইভেট ফার্ম ক্লাবটির বেশিরভাগ শেয়ারের মালিক হবে।

 

ফুটবল ক্লাব চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, চেলসি ফুটবল ক্লাব নিশ্চিত করেছে গত রাতে (শুক্রবার) ক্লাবটি টড বোয়েলি/ক্লিয়ারলেক ক্যাপিটাল কনসোর্টিয়ামের কাছে বিক্রি করার জন্য চূড়ান্ত চুক্তিতে সই হয়েছে। সোমবার লেনদেন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

 

তাতে কাল আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আব্রামোভিচের চেলসি অধ্যায়ও। ২০০৩ সালের জুনে ব্রিটিশ ব্যবসায়ী কেন ব্যাটসের কাছ থেকে ১৪ কোটি পউন্ডে ফুটবল ক্লাব চেলসি কিনে নেন আব্রামোভিচ। কিন্তু সম্প্রতি ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের কারণে যুক্তরাজ্য সরকার নাখোশ হোন দেশটির ওপর। যার কারণে পুতিন ঘনিষ্ট রুশ ধনকুবের ও তাদের ব্যবসা-বাণিজ্যের ওপর যুক্তরাজ্য সরকার নিষেধাজ্ঞা দেয়। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার অভিযোগ আনা হয় চেলসি মালিক আব্রামোভিচের বিরুদ্ধে। যার প্রভাব পড়ে এই ধনকুবেরের ব্যবসা-বাণিজ্যে। নিষিদ্ধ হন যুক্তরাজ্যে, বিক্রি করতে বাধ্য হন প্রিয় ফুটবল ক্লাব চেলসিকে। আব্রামোভিচের ১৪ কোটি পাউন্ডে কেনা সেই ক্লাবটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ২.৫ বিলিয়ন পাউন্ডের বেশি।

 

আব্রামোভিচ বলেছিলেন, প্রক্রিয়াটি একটি সফল সমাপ্তিতে এসেছে। যেহেতু আমি চেলসিকে তার নতুন তত্ত্বাবধায়কদের কাছে হস্তান্তর করছি, আমি তাদের মাঠে এবং বাইরে উভয় ক্ষেত্রেই সাফল্য কামনা করি।

 

এই ধনকুবের আরো বলেন, এই ক্লাবের অংশ হওয়াটা আজীবন সম্মানের বিষয়। আমি এই দুর্দান্ত বছরগুলোর জন্য ক্লাবের অতীত এবং বর্তমান খেলোয়াড়, স্টাফ এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ জানাই।

 

চেলসি এর আগে জানিয়েছিল, মোট বিনিয়োগ থেকে ২.৫ বিলিয়ন পাউন্ড ক্লাবের শেয়ার কিনতে খরচ করবে নতুন মালিকপক্ষ। এছাড়া ক্লাবটির বিভিন্ন সুবিধা বাড়ানোর জন্য আরো ১.৭৫ বিলিয়ন পাউন্ড খরচ করতে নতুন মালিক প্রতিশ্রুতিবদ্ধ।

 

নতুন মালিকদের মধ্যে টড বোয়েলি হচ্ছেন যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলেস ডজার্সের অন্যতম মালিক। এছাড়া হোল্ডিং প্রতিষ্ঠান এলডিরিজ ইন্ডাস্ট্রিজের সহপ্রতিষ্ঠাতা এবং এনবিএর দল লস অ্যাঞ্জেলেস লেকার্সেও আংশিক শেয়ার আছে তার।

 

চেলসি কেনার ব্যবসায়িক গ্রুপের মধ্যে থাকা ক্লিয়ারলেক ক্যাপিটাল একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। মার্ক ওয়াল্টার একজন মার্কিন ব্যবসায়ী এবং গুগেনহেইম পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা। হ্যানসজর্গ ওয়েস একজন সুইস বিলিয়নিয়ার। বিবিসি, চেলসি