ইতালিয়ান সিরি-এ লিগে দারুণ জমে উঠেছে শিরোপার লড়াই। এই লড়াইয়ে ইন্টার মিলানকে দুই পয়েন্টে পেছনে রেখে এগিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। আগামী রোববার চলতি মৌসুমের শেষ রাউন্ডে শিরোপা নির্ধারণ হবে। সেদিন সাসুওলোর মাঠে ন্যুনতম ড্র করলেই ১১ বছর পর লিগ শিরোপা জিতে নেবে তারা। আর ইন্টার মিলান নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি এসি মিলানের হারের প্রার্থনায় থাকবে।

 

৩৭ রাউন্ড শেষে এসি মিলানের পয়েন্ট ৮৩, সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান।

 

রোববার রাতে স্যান সিরোয় আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে এসি মিলান। রাফায়েল লিয়াওর গোলে ৫৬ মিনিটে লিড নেয় এসি মিলান। এরপর ৭৬ মিনিটে ফরাসি লেফট-ব্যাক থিও হার্নান্দেজ একক নৈপুন্যে দুর্দান্ত এক গোল করে স্যান সিরোর গ্যালারিতে ঢেউ তোলেন।

 

একই রাতে ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারিয়ে এসি মিলানের ওপর চাপ অব্যাহত রেখেছে ইন্টার মিলান।

 

আগামী রোববার সাসুওলোর মাঠে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে এসি মিলানের। কেননা হেড-টু-হেড রেকর্ডে ইন্টারের চেয়ে এগিয়ে থাকায় দুই দলের পয়েন্ট সমান হলেও শিরোপা জিতবে এসি মিলান। ইন্টারকে শিরোপা জিততে হলে সাম্পদোরিয়ার বিপক্ষে তাদের নিজেদের জয়ের পাশাপাশি এসি মিলানকে হারতে হবে।

 

ইউরোপা লিগের টিকিটের জন্য খেলা আটালান্টা কঠিন পরীক্ষার মুখেই রেখেছিল এসি মিলানকে। যদিও দ্বিতীয়ার্ধে জুনিয়র মেসিয়াস বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান তৈরি করে দেন। ব০্রাজিলিয়ান খেলোয়াড়টি তার দ্বিতীয় স্পর্শেই দারুণ এক থ্রু পাস দেন, পর্তুগিজ ফরোয়ার্ড লিয়াও আটালান্টা গোলকিপার হুয়ান মুসোর দুই পায়ের মাঝ দিয়ে বলকে জালে পাঠিয়ে দেন। স্বাগতিকদের রক্ষণে চরম উত্কণ্ঠা ছিল। যদিও থিওর গোলে স্বস্তি ফেরে স্যান সিরোয়, শুরু হয় উত্সব।

 

এ নিয়ে সর্বশেষ ১৫টি লিগ ম্যাচে অপরাজিত স্তেফানো পিওলির দল। ক্যালিয়ারির মাঠে ইন্টার জিততে ব্যর্থ হলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো এসি মিলানের। যদিও সিমোন ইনজাঘির দল অত সহজে তা হতে দেয়নি। ম্যাত্তেও ডারমিয়ানের হেডে লিড নেয় ইন্টার, এরপর লাউতারো মার্তিনেজ ব্যবধান ২-০ করেন। ক্যালিয়ারি আর এসি মিলানের আশা জাগান চারালামপোস লিকোগিয়ানিস। যদিও মার্তিনেজ ইন্টারের জয় নিশ্চিত করেন। বিবিসি