পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার জেরে এ সিদ্ধান্ত নেয় ফিফা ও উয়েফা। এর ফলে আগামী কাতার বিশ্বকাপ-২০২২ এ খেলা অনিশ্চিত হয়ে গেলো দেশটির। সোমবার রাতে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয় ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি রাশিয়ার জাতীয় দল কিংবা ক্লাব পর্যায়ের যে কোনো টিম ফিফা ও উয়েফার কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইউক্রেনের সঙ্গে আছে সমগ্র ফুটবল বিশ্ব।
এ নিষেধাজ্ঞার ফলে চলতি মাসে পোল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়া। এছাড়া রুশ কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আকর্ষণীয় স্পন্সর চুক্তিও বাতিল করেছে উয়েফা।










