এ মাসে লন্ডনে লেভার কাপ খেলেই অবসর নেবেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রজার ফেদেরার। আজ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন তিনি।

 

দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন সুইস গ্রেট। হাঁটুতে তৃতীয় দফায় অস্ত্রোপচার করানোয় ২০২১ সালের উইম্বলডনের পর আর কোর্টেই নামা হয়নি তার। তাই এবার থামার সিদ্ধান্ত নিলেন। অবসরের ঘোষণায় ৪১ বছর বয়সী ফেদেরার বলেছেন, আমার শরীরের সর্বশেষ বার্তাটা আমার কাছে পরিষ্কার। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি আমি। এখন আমাকে স্বীকার করে নিতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিস থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।

 

তিনি আরো বলেন, টেনিসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ভালোবাসি এবং কখনই আপনাদের ছেড়ে দূরে যাব না।

 

গত তিন বছর ধরে হাঁটুর চোটের সঙ্গে সংগ্রাম করছেন ফেদেরার। এ কারণে ২০২০ সাল থেকে ১১টি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনি মাত্র তিনটিতে খেলতে পেরেছেন। গত গ্রীষ্মে উইম্বলডনে হুবার্ট হারকাজের কাছে হারের পর আর কোনো প্রতিযোগিমূলক ম্যাচও তিনি খেলেননি।

 

১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক ঘটে ফেদেরারের। সেই থেকে তিনি ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। প্রথম মেজর শিরোপা জয় করেন ২০০৩ সালে উইম্বলডনে। এরপর জিতেছেন আরো ১৯টি। তার চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন শুধু রাফায়েল নাদাল (২২) ও নোভাক জোকোভিচ (২১)। সর্বশেষ দুজনই ছিলেন গত দুই দশকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এ তিনজন মিলেই দীর্ঘ সময় পুরুষ টেনিসে আধিপত্য করেছেন।

 

ফেদেরারের বিদায়ের ঘোষণায় তার প্রতি শুভকামনা জানিয়েছেন স্প্যানিশ গ্রেট নাদাল, হুয়ান মার্টিন দেল পোত্রো, বিলি জিয়ন কিংসহ বর্তমান ও সাবেক টেনিস গ্রেটরা।