গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয়ের অন্যতম রূপকার গোলকিপার
এমিলিয়ানো মার্তিনেজ। চলতি বিশ্বকাপেও গোলবারের নিচে তিনিই লাতিন দেশটির ভরসার
নাম। কিন্তু মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে দু দুটি গোল হজম
করেছেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, যা অনেকটাই অপ্রত্যাশিত। এই হারে আর্জেন্টিনার নকআউট পর্বে উত্তরণ
অনিশ্চিত হয়ে পড়তে পারে। এখন পরের দুটি ম্যাচে জয়ের বিকল্প নেই। এই বাস্তবতায়
মার্তিনেজ বলেছেন,
শনিবার
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি তারা ‘ফাইনাল’ হিসেবেই দেখছেন।
শনিবার সেই লুসাইল স্টেডিয়ামে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মুখোমুখি
হবে আর্জেন্টিনা। এ নিয়ে কৃতী গোলকিপার মার্তিনেজ বলেন, শনিবার বিশ্বকাপে আমাদের প্রথম
ফাইনাল।
মার্তিনেজ মনে করেন, প্রথম ম্যাচেই হার তাদের সেরাটা বের করে নিয়ে আসতে পারে। তার কথায়, আমরা যদি বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই তবে
হোঁচট খাওয়া ভালো। হোঁচট খাওয়াই কিন্তু পড়ে যাওয়া নয়।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার তিন তিনটি গোল অফসাইডের কারণে বাতিল
হয়। পরে এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি মেসি, ডি মারিয়ারা। ফলে বিশ্বকাপে ৯২ বছরের
ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে জয় তুলে নেয় সৌদি আরব।
হারের পর অধিনায়ক মেসি সতীর্থদের প্রতি আহ্বান রেখে বলেছেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। পাতা
উল্টাতে হবে এবং যা ঘটেছে তা নিয়ে আর ভাবার সুযোগ নেই। আমরা যা ভুল করেছি তা থেকে
কীভাবে শিক্ষা নিয়ে মেক্সিকো ম্যাচে কাজে লাগাতে পারি, সেটা অবশ্যই দেখার সুযোগ আছে। আমরা সব
সময়ই বলেছি,
আমরা প্রতিটি
ম্যাচ জয়ের কথা ভাবছি,
এখন এটি আমাদের
জন্য আরো বেশি জরুরি হয়ে উঠেছে।
৩৬ ম্যাচে অপরাজিত থাকার ঈর্ষণীয় রেকর্ড নিয়ে কাতার বিশ্বকাপ খেলতে
যাওয়া আর্জেন্টিনার এই হার বিশ্বকাপে আলোড়ন তুলেছে। আর সৌদি আরবের বীরত্বপূর্ণ
পারফরম্যান্সের প্রশংসা এখন সবার মুখে মুখে।
৩৫ বছর বয়সী মেসির এটাই শেষ বিশ্বকাপ মিশন। আর্জেন্টিনা ১৯৮৬ সালের পর
বিশ্বকাপ জিততে পারেনি। মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে চায়
আলবিসেলেস্তেরা।










