ইতালির
সিরি-এ লিগে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেয়ার গৌরব দেখিয়েছে
নবাগত দল মোনজা। তাও জয়টি পেয়েছে তারা সিরি-এ
লিগের সবচেয়ে সফল দল জুভেন্টাসের বিপক্ষে। জুভেন্টাসের বিপক্ষে সিরি-এতে নিজেদের প্রথম জয় পাওয়া দ্বিতীয় দল মোনজা। তাদের
আগে ১৯৭২ সালে এ কীর্তি গড়ে কাতানজারো। রোববার রাতে মোনজার কাছে এই হারে জুভেন্টাস
কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দুর্দশা আরো বাড়ল।
ক্রিস্টিয়ান
গিতজার দ্বিতীয়ার্ধে
(৭৪ মিনিট) মোনজার জয়সূচক গোলটি করেন। এই জয়ে টেবিলের তলানি থেকে
উঠে এসেছে মোনজা।
ম্যাচের
৪০ মিনিটের সময় লাল কার্ড দেখে বেরিয়ে যান জুভেন্টাসের আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল
ডি মারিয়া। এটা তার ক্যারিয়ারের দশম লাল কার্ড। শেষের ৫০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়
তুরিনের ওল্ড লেডিদের।
ইতালির
সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মালিকানাধীন ক্লাব মোনজা সরাসরি সিরি-এ লিগের টিকিট পায়নি, পরে
প্লে-অফ খেলে তারা শীর্ষ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এবার জুভেন্টাসকে হারিয়ে চমক দেখাল তারা। আর্সেনাল থেকে ধারে আনা হয়েছে সেন্টার ব্যাক
পাওলো মারিকে,
এছাড়া ইতালির জাতীয় দলের ম্যাত্তেও
পাসিনা আর স্তেফানো সেনসি রয়েছেন নবাগত দলটিতে।
চলতি
মৌসুমে বাজে সূচনা করেছে জুভেন্টাস, তাতে অ্যালেগ্রির চাকরিই এখন
পড়েছে ঝুঁকির মুখে। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি জেতায় বর্তমানে টেবিলের আট নম্বরে
রয়েছে তারা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে খেলা দুটি ম্যাচেই তারা হেরেছে। এবার হারল মোনজার
কাছেও।










