মিরপুর শেরেরাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের ৫
উইকেট শিকার করলেন বাংলাদেশের শীর্ষ স্পিনার সাকিব আল হাসান। সাকিব ছাড়াও জ্বলেছেন
পেসার এবাদত হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাতে ১০ উইকেট হারিয়ে ৪১.২ ওভার শেষে অতিথি দলের সংগ্রহ দাঁড়ায় ১৮৬। ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেছেন লোকেশ রাহুল।
টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। এ ম্যাচে ষষ্ঠ ওভারে স্বাগতিক দলকে প্রথম
সফলতা এনে দেন স্পিনার মিরাজ। তিনি বোল্ড করেন বামহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে।
এরপর সাকিব এসে এক ওভারের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়ে এলোমেলো
করে দেন ভারতকে।
মিরাজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ধাওয়ান।
নতুন ব্যাটসম্যান কোহলি ওই ওভারেই স্কয়ার লেগে ক্যাচ তুলে দিলেও তা ফিল্ডারের খানিকটা
দূর দিয়ে চলে যায়। তবে শেষ রক্ষা হয়নি। ১১তম ওভারের দ্বিতীয় বলে রোহিতকে বোল্ড করেন
সাকিব। ওই ওভারের চতুর্থ বলে কোহলি এক্সট্রা কভারে ক্যাচ দিলে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে
তা লুফে নেন অধিনায়ক লিটন কুমার দাস।
দলের চতুর্থ সফলতা আসে এবাদত হোসেনের হাত ধরে। তার ক্রমাগত দেয়া শর্ট বলে
হতাশ হতে হতে শ্রেয়াস আইয়ার পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে
সহজ ক্যাচ নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
২৮তম ওভারের প্রথম বলে মিরাজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর,
যদিও লং-অফে সেই ক্যাচ ছেড়ে দেন এবাদত হোসেন। সুন্দরের রান তখন ১২। ব্যক্তিগত ১৯ রানে
সাকিবের বলে সেই এবাদতকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সুন্দর। পরের ওভারে শাহবাজ আহমেদকে
ফেরান এবাদত। দুর্দান্ত বোলিং করে ৩৫তম ওভারে শার্দুল ঠাকুর ও দীপক চাহারকেও সাজঘরে
ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। ওয়ানডেতে এ নিয়ে চতুর্থবার ৫ উইকেট নিলেন সাকিব।










