কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ২০১৪ সাল থেকে ভুগছিলেন কণ্ঠনালির ক্যানসারে।

আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ইনতেখাবুল হামিদ আতিকুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে শুটিং ফেডারেশনে আতিকের জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন আতিকুর রহমান। আর ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ পদক। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণপদক জয়ের কৃতিত্ব রয়েছে আতিকের।

শুটিং থেকে অবসর নেয়ার পরও খেলাটির সঙ্গে নানা ভূমিকায় জড়িয়ে ছিলেন আতিকুর রহমান। তবে শারীরিক অসুস্থতায় গত কয়েক বছর একেবারে বিচ্ছিন্ন হয়ে পরেন। কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত আতিক দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।