নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। আজ রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। দুই দলই সান্ত্বনার জয় চায়। যদিও বৃষ্টি চোখ রাঙাচ্ছে বলে বেলা ৩টায় ম্যাচ শুরুর সম্ভাবনা কম।

কে জয়হীন থেকে আসর শেষ করবে, আর কে সান্ত্বনার জয় পাবে, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ, যদি ম্যাচ মাঠে গড়ায়। এখানে গত মঙ্গলবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি এই বৃষ্টির কারণে। গতকাল রাতে পাকিস্তানের শিল্প নগরীতে বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও দুপুরে বৃষ্টি হানা দেয়। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো না বলে ম্যাচ পণ্ড হওয়ার দুশ্চিন্তা থাকছেই।

ক্রিকইনফো জানিয়েছে, দুই দলই মাঠে পৌঁছেছে। তবে এখানে ক্রিকেটীয় কোনো কর্মকাণ্ড নেই। সবাই অলস বসে আছেন। অপেক্ষায় আছেন পরিস্থিতির উন্নতির। এখন ভারী বৃষ্টি হচ্ছে না, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। এই পরিস্থিতির উন্নতি হলেও ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।