মরক্কো জাগিয়েছে নকআউটের আশা। তবে প্যারাগুয়ের কাছে হেরে তুরস্ক এবং ব্রাজিলের কাছে হেরে হাইতি এবারের আসর থেকে বিদায় নিয়েছে।

শুক্রবার রাতে সিয়াটলে ‘ডি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে মাউরিসি পচেত্তিনোর যুক্তরাষ্ট্র। ১১ মিনিটে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলের পর ৪৩ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স ফ্রিম্যান।

এ জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলে যুক্তরাষ্ট্র। ২ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অস্ট্রেলিয়া। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে প্যারাগুয়ে। গতকাল সকালে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে তুরস্ক।

পুরো ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে যুক্তরাষ্ট্র। ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল র‍্যাংকিংয়ের ১৩ নম্বরের দলটি। তাদের নেয়া ১০টি শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি। ২৫ নম্বর র‍্যাংকধারী অস্ট্রেলিয়ার নেয়া পাঁচটি শটের মধ্যে গোলমুখে ছিল দুটি।

সিয়াটল স্টেডিয়ামে প্রায় ৬৭ হাজার দর্শকের সামনে শুরু থেকেই দাপট দেখায় যুক্তরাষ্ট্র। ম্যাচের নবম মিনিটে ওয়েস্টন ম্যাককেনির আক্রমণ থেকে বল পান সার্জিনো ডেস্ট। তবে তার নেয়া জোরালো শটটি অস্ট্রেলিয়ার ডিফেন্ডার রুখে দিলে সে যাত্রায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। লিড পেতে বেশি সময় লাগেনি যুক্তরাষ্ট্রের। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় তারা। বাম দিক থেকে বল নিয়ে অস্ট্রেলিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন ফোলারিন বালোগুন। ডি বক্সের ছয় গজ সীমানায় তার বাড়ানো লো-ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস।

এ গোলের মাধ্যমে নতুন এক রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবিধা পাওয়া প্রথম দল এখন তারা। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। ডি-বক্সের প্রান্ত থেকে সার্জিনো ডেস্টের নেয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে শূন্যে ভেসে গোলপোস্টের দিকে যাচ্ছিল, ঠিক তখনই একদম কাছ থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে রেফারি অফসাইডের কারণে গোল বাতিল করলেও ভিএআর সিদ্ধান্তে পরিবর্তন হলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৯৬ বছর পর এই প্রথম বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয়ের মুখ দেখল তারা।

টানা দুই হারে তুরস্কের বিদায়: গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ঠিক ৭১ সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন ইসমায়েল সাইবারি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। গতকাল পরের ম্যাচে তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা গোল করে বসেন মাত্র ৬৫ সেকেন্ডে। ফলে সাইবারিকে হটিয়ে চলতি আসরের দ্রুততম গোলের তালিকায় সবার ওপরে এখন গালারজার নাম।

সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল সকালের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে মাতিয়াস গালারজার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে নকআউটে খেলার আশা বেঁচে রইল প্যারাগুয়ের। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেল তুরস্কের।

এছাড়া প্যারাগুয়ের জয়ে নিশ্চিত হয়ে গেল, পরপর দুই ম্যাচ জেতা যুক্তরাষ্ট্রই হবে এই গ্রুপের চ্যাম্পিয়ন। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলেছে প্যারাগুয়ে। ১০ জনের দলের সঙ্গে বারবার সুযোগ তৈরি করলেও কোনোভাবে গোলের তালা ভাঙতে পারেননি আর্দা গুলের, হাকানরা। তাই প্রথম রাউন্ডেই শেষ তাদের বিশ্বকাপ মিশন। অথচ দাপুটে ফুটবল খেলে ম্যাচের সব পরিসংখ্যানে এগিয়ে ছিল তুরস্ক। ম্যাচজুড়ে ৭৮ শতাংশ বলের দখল ছিল তাদের। গোলমুখে তারা ৩১টি শট নিলেও এর মধ্যে সাতটি ছিল অন-টার্গেট। এর মধ্যে অবশ্য একটিও জালে প্রবেশ করেনি।

ফিফা বিশ্বকাপে ২৮ বছরের মধ্যে লাতিন আমেরিকার কোনো দল হিসেবে দ্রুততম গোল করল প্যারাগুয়ে। ১৯৯৮ সালের আসরে নাইজেরিয়ার বিপক্ষে প্যারাগুয়েরই সেলসো আয়ালা মাত্র ৫২ সেকেন্ডে গোল করেছিলেন।

চলতি টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম গোল করার ২ মিনিটের মধ্যে আবার অযাচিত ফাউল করায় হলুদ কার্ড দেখেন গালারজা।

প্রথমার্ধের শেষ দিকে অন্যরকম ইতিহাসের অংশ হয়ে যান প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরন। প্রতিপক্ষ ডিফেন্ডার মের্তে মুলদুরের উদ্দেশ্যে মুখ ঢেকে কিছু একটা বলায় ভিএআর দেখে সরাসরি আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি। মুখ ঢেকে কথা বললে লাল কার্ডের নিয়ম চালুর পর এটিই প্রথম কোনো খেলোয়াড়ের লাল কার্ড দেখার ঘটনা।