ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতার পর এবার এস্তোনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় স্পেনের প্যাম্পলোনায় হবে ম্যাচটি। এছাড়া আগামীকাল এশিয়ান জায়ান্ট জাপানের মাঠে প্রীতি ম্যাচ খেলবে আরেক লাতিন হেভিওয়েট ব্রাজিল, যারা গত সপ্তাহে ৫-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে।

আজকের ম্যাচে অনেকগুলো পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। রিজার্ভে যারা আছেন তাদের পরখ করে দেখতে চান আর্জেন্টাইন কোচ।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি প্রায় সবাইকেই বিশ্রামে রাখতে পারেন কোচ। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

হাঁটুর ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পাশাপাশি ইনজুরির কারণে এস্তোনিয়ার বিপক্ষে খেলতে পারবেন না মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া।

ইতালির বিপক্ষে খেলা দলের অন্যদেরও শুরুর একাদশে রাখছেন না স্কালোনি। মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই অনিয়মিতদের মাঠে নামানোর পরিকল্পনা তার। বিবিসি