নবম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ঝলমলে এক ট্রফির সঙ্গে প্রায় ২৪ লাখ ৫০
হাজার ডলার (প্রায় ২৮ কোটি টাকা) প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের ইতিহাসে এটাই চ্যাম্পিয়ন
দলের জন্য সর্বোচ্চ প্রাইজমানি। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হিসেবে
ইংল্যান্ড ১৬ লাখ ডলার প্রাইজমানি পেয়েছিল। এবার চ্যাম্পিয়নরা গতবারের চেয়ে ৮ লাখ ৫০
হাজার ডলার বেশি পাচ্ছে।
টুর্নামেন্টের
মোট প্রাইজমানিও প্রায় দ্বিগুণ হয়েছে। গত আসরে ৫৬ লাখ ডলার হলেও এবার টুর্নামেন্টের
প্রাইজিমানি ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। ফলে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানিও বেড়েছে।
এবার মোট ২০টি দল অংশ নিচ্ছে।
এবার
রানার্সআপ দল কমপক্ষে ১২ লাখ ৮০ হাজার ডলার পাবে, যা আগের আসরের চেয়ে ৮ লাখ ডলার বেশি।
সেমিফাইনালে পরাজিত দল দুটি পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে।
সেমিফাইনালিস্ট
ছাড়া সুপার এইটের বাকি চারটি দল প্রত্যেকেই পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, নবম থেকে
দ্বাদশ দল প্রত্যেকেই ২ লাখ ৪৭ হাজার ডলার ও বাকি প্রত্যেকেই পাবে ২ লাখ ২৫ হাজার ডলার
করে। দলগুলো প্রতিটি জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার পাবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য
জন্য থাকবে আলাদা প্রাইজমানি।
আইসিসির
প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন, ‘নানা কারণে এটা ঐতিহাসিক
বিশ্বকাপ, কাজেই খেলোয়াড়দের জন্য প্রাইজমানিতেও যেন তার প্রতিফলন থাকে। আমরা আশা করছি,
বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক এই ইভেন্টটির খেলা উপভোগ করবে।’
এবারের
বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ওমান,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড,
নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, উগান্ডা, কানাডা, যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনি।










