লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা এবার হট ফেভারিটের তকমা নিয়েই কাতার বিশ্বকাপে খেলতে নামে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে চমকপ্রদ এ ম্যাচে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল ক্যামেরুন। তারপর ইউরোপের বাইরের কোনো দল হিসেবে আর্জেন্টিনাকে হারাল সৌদি আরব। এ জয়ে দারুণ উচ্ছ্বসিত সৌদিরা। উদযাপনে অংশ নিয়েছেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে এ ঐতিহাসিক জয় উদযাপন করেছেন তিনি। জয় উদযাপনের নানান মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার ভাই প্রিন্স সৌদ। খবর সৌদি গ্যাজেট।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত ছবিগুলোতে দেখা গিয়েছে, বিলাসবহুল একটি কক্ষে বিশাল টেলিভিশনের সামনে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ বিন সালমান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ম্যাচটি দেখেছেন। ম্যাচ দেখার সময় মোহাম্মদ বিন সালমানসহ অন্যরা আনন্দে পরস্পরকে আলিঙ্গন করছেন। আরেকটি ছবিতে দেখা যায়, মোহাম্মদ বিন সালমান সেজদা দিচ্ছেন। সৌদির জয়ের পর তিনি সেজদা দেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরো একজনকে সেজদা দিতে দেখা যায়। এ সময় কক্ষে থাকা অন্যদের টিভির পর্দার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খেলা দেখেছেন সৌদির জ্বালানিমন্ত্রীর দায়িত্বে তার ভাই প্রিন্স আবদুল আজিজ। এছাড়া অন্য এক ছবিতে দেখা যায়, রেফারির বাঁশি বাজার পর এক ব্যক্তি সৌদি আরবের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। তাকে জড়িয়ে ধরে হাসিমুখে ছবি তুলছেন সৌদি যুবরাজ।

আর্জেন্টিনাকে হারানোর পর সৌদিজুড়েই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ জয় উদযাপনের জন্য আজ বুধবার সৌদি আরবে ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের ফুটবলারদের জয় উদযাপনের জন্য মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন। পরে প্রস্তাবটি অনুমোদন দেন বাদশাহ সালমান।