আফ্রিকান নেশন্স কাপে দারুণ শুভসূচনা পেল ২০২১ আসরের চ্যাম্পিয়ন সেনেগাল। মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপ ম্যাচে তারা ৩-০ গোলে বতসোয়ানাকে হারায়। গ্রুপের আরেক ম্যাচে ডিআর কঙ্গো ১-০ গোলে হারায় হিনিকে।

চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন জোড়া গোল করে সেনেগালকে সহজ জয় এনে দেন। ম্যাচের অধিকাংশ সময়ই ভারী বর্ষণের মধ্যে খেলেছে দুই দল। এরই মধ্যে একের পর এক আক্রমণে বতসোয়ানাকে নাজেহাল করতে থাকে সেনেগালিজরা। ইসমাইল জ্যাকবসের পাস থেকে ৪০ মিনিটে গোল করে সেনেগালকে এগিয়ে দেন জ্যাকসন। ৫৮ মিনিটে তিনি ব্যবধান ২-০ করেন। এরপর শেষ মিনিটে শেরিফ এনদিয়াকে ব্যবধান ৩-০ করেন।

নেশন্স কাপে কখনো ম্যাচ জেতা হয়নি বতসোয়ানার। শনিবার রাবাতে তারা খেলবে বেনিনের বিপক্ষে। একই দিন ডিআর কঙ্গোর মুখোমুখি হবে সেনেগাল। গ্রুপের শীর্ষস্থানে কে থাকবে, তা নির্ধারণ হবে সেনেগাল-কঙ্গো ম্যাচে।