অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে
যাওয়া আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য আগামীকাল বুধবার দল ঘোষণা করবে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে দল ঘোষণা করবেন
নির্বাচকরা। এরপর সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন
টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম শ্রীধরণ।
আজ মঙ্গলবার রাতে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে দল ঘোষণার খবর জানিয়ে দিয়েছে বিসিবি।
বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ডের
মাটিতে ত্রিদেশীয় টি২০ সিরিজের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনদিনের ক্যাম্পের
আয়োজন করে বিসিবি। যদিও এর প্রথম দুইদিন বৃষ্টির কারণে তেমন প্রস্তুতি নিতে
পারেননি ক্রিকেটাররা। তাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দলের
প্রস্তুতির স্বার্থে সিঙ্গাপুর কিংবা সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্পের আয়োজন করার
পরিকল্পনা রয়েছে। হয়তো আগামীকাল এ বিষয়টি জানিয়ে দেয়া হবে।
সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি২০তে
বাংলাদেশ ভালো করতে পারেনি। সাকিব আল হাসানের দল গ্রুপ পর্বের বৈতরণী পার হতে
পারেনি। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা, যারা
গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে উত্তীর্ণ হয়। তাই বিশ্বকাপে দলের ভালো
ফল করা নিয়ে তত্পর বিসিবির কর্মকর্তারা।










