চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩ মৌসুমে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে। যদিও ইউরোপের অন্যতম বড় দল বার্সেলোনার নকআউট পর্বে খেলা ঘোর অনিশ্চিত। টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় কাতালানরা।

গত বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ইন্টারমিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে জাভি হার্নান্দেজের দল। এতেই বিপাকে পড়েছে তারা। ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে শক্তিশালী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। তবে এ ম্যাচে মাঠে নামার আগেই বার্সার বিদায় নিশ্চিত হয়ে যাবে, যদি ইন্টার ঘরের মাঠে ভিক্টোরিয়া প্লজেনকে হারিয়ে দেয়।

স্যান সিরোয় গিয়ে হারের স্বাদ পাওয়া কাতালানরা ঘরের মাঠে জয়ের আশাই করছিল। যদিও নাটকীয় ম্যাচে তারা শেষ মুহূর্তের গোলে ড্র করতে সমর্থ হয়। যোগ করা সময়ে গোল করে বার্সাকে ১ পয়েন্ট এনে দেন রবার্ট লেভানদোভস্কি। তিনি এ ম্যাচে জোড়া গোল করেন।

এ রাতে ভিক্টোরিয়া প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে উঠেছে জার্মান দল বায়ার্ন মিউনিখ। ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে বাভারিয়ানরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার ও বার্সার সংগ্রহ ৪ পয়েন্ট। এখন নাটকীয় কিছু না ঘটলে বার্সার বিদায় সময়ের ব্যাপার মাত্র।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে বার্সা কোচ বলেন, এখন আমাদের উত্তরণের জন্য আরেক দলের ওপর নির্ভর করতে হচ্ছে। এটা আমাদেরই ভুলে হয়েছে, কাজেই উন্নতি করতে হবে। এটাই বাস্তবতা। ইউরোপে যতটা দ্রুত উন্নতির আশা করেছিলাম, তার চেয়ে বেশি সময় লাগছে আমাদের। অন্যান্য প্রতিযোগিতাও তো রয়েছে—লা লিগা, কোপা ডেল রে ও সুপার কোপা। আমাদের এগুলোতেও জোর দিতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু যখন নিজেদের মাঠে, এমন আবহে ড্র করবেন, তখন সেটা আমারই ভুল। আমার অনুভূতি হলো, এই প্রতিযোগিতাটি আমাদের জন্য অতীতে এবং এখনো বড় নিষ্ঠুর, নির্দয়।

বুধবার ‘এ’ গ্রুপ থেকে নকআউটে খেলা নিশ্চিত করেছে ইতালির ক্লাব নাপোলি। এ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে চলা নাপোলি ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।

বুধবার রেঞ্জার্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নকআউটে ওঠার রেসে ফিরেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে অল রেডরা। আয়াক্সের পয়েন্ট ৩, আর রেঞ্জার্সের শূন্য।

বার্সার মতো বিদায়ের শঙ্কায় অ্যাতলেটিকো মাদ্রিদও। বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে বেলজিয়ামের ক্লাব ব্রুগের সঙ্গে গোলশূন্য ড্র করে মাদ্রিদ জায়ান্টরা। এই ড্রয়ে নকআউট পর্বে উঠেছে ক্লাব ব্রুগে, যাদের ঝুলিতে ৪ ম্যাচে ১০ পয়েন্ট। পোর্তো ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও অ্যাতলেটিকো ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

‘ডি’ গ্রুপ থেকে নকআউটে ওঠার রেসে আছে চার দলই—টটেনহাম (৭), মার্সেই (৬), স্পোর্টিং লিসবন (৬) ও এনট্র্যাখট ফ্রাংকফুর্ট (৪)। বুধবার টটেনহাম ৩-২ গোলে ফ্রাংকফুর্টকে ও মার্সেই ২-০ গোলে লিসবনকে হারায়।

এর আগে মঙ্গলবার রাতে এফসি কোপেনহেগেনের মাঠে গোলশূন্য ড্র করে ম্যানসিটি ও শাখতার দোনেেস্কর মাঠে ১-১ গোলে ড্র করে নকআউটের টিকিট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।