সংকট নিরসনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন পেছানোসহ তিনটি দাবি জানিয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম, যিনি বুধবার নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ সময় তার সঙ্গে ছিলেন মনোনয়ন প্রত্যাহার করা আরেক প্রার্থী আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস ও ঢাকা বিভাগ থেকে পরিচালক পদের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান।

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাক্ষাৎ না পেয়ে পরে সাংবাদিকদের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার কাছে তিনটি দাবি তুলে ধরেন তারা। তিনটি দাবির মধ্যে রয়েছে—বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরো কিছুদিন বাড়ানো, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন, নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ করা।

এসব দাবির ব্যাখ্যায় রফিকুল ইসলাম বলেন, ‘এখানে ভালো ভালো ক্রীড়া সংগঠকরা অনুপস্থিত। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার কিছু ব্যবস্থা করা।’

এ সময় ক্রীড়া উপদেষ্টাকে ক্রীড়াঙ্গনের অভিভাবক উল্লেখ করে রফিকুল বলেন, ‘এ দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’

বুধবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তারা সবাই ক্রীড়া উপদেষ্টার কাছে একই দাবি করছেন কিনা, জানতে চাইলে রফিকুল বলেন, ‘আমাদের ক্রিকেটের স্বার্থে সবার তরফ থেকেই কথাটা বলছি।’

বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘এটা একটা প্রতিবাদস্বরূপ করেছি। কিন্তু এটা থেকে উত্তরণের পথ আছে। আমরা চাই, সময় বাড়িয়ে পুনর্নির্ধারণ (নির্বাচনের তারিখ) করা হোক। কয়েকটা প্রস্তাবের মধ্যে এটাও আছে। নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।’