বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে সিলেট সানরাজার্সকে ৯৬ রানে গুটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু ছোট লক্ষ্যে জয়টা কঠিন করেই পেয়েছে ইমরুলবাহিনী। অষ্টম বিপিএলের তৃতীয় ম্যাচে শনিবার সিলেটকে দুই উইকেটে হারিয়েছে কুমিল্লা। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে  ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান করে সিলেট। জবাবে ১৮.৪ ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা।

মাত্র ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই ওপেনার ফাফ ডু প্লেসিসের উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে করেন মাত্র ৭ বল খেলে করেন ২ রান। সোহাগ গাজীর বলে তার হাতেই ক্যাচ তুলে দেন। এরপর আরেক ওপেনার ক্যামেরন ডেলপোর্টকেও ১৬ রানে বিদায় করেন সোহাগ গাজী।

৩৪ রানে দুই উইকেট হারানো কুমিল্লা এরপর দ্রুত মুমিনুল হক (১৫) ও অধিনায়ক ইমরুল কায়েসের (১০) উইকেট হারায়। দু’জনকেই বিদায় করেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। আরিফুল হক বিদায় নেন ৪ রানে। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি আফগান অলরাউন্ডার করিম জানাত (১৮)।  কুমিল্লাকে ৮৪ রানে রেখে নাজমুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাহিদুল ইসলাম (১৬)। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে বিদায় নেন শহিদুল ইসলাম (১)। হাতে ২১ বল রেখেও তখন হারের শঙ্কায় কুমিল্লা। শেষ ১২ বলে লক্ষ্য দাঁড়ায় ৬ রানের। তবে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় দলটি। ১৪ বলে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন মাহিদুল। ৩ রানে অপরাজিত ছিলেন তানভীর।

সিলেটের হয়ে বল হাতে তিন উইকেট নিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম। দু’টি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী ও মোসাদ্দেক। বাকি উইকেট তাসকিনের।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট সানরাইজার্স ব্যাটাররা। ওপেনার এনামুল হক বিজয় ৩, কলিন ইনগ্রাম ২০, মোহাম্মদ মিঠুনকে ৫, রবি বোপারা ১৭, মোসাদ্দেক হোসেন ৩, অলক কাপালি ৬, ও সোহাগ গাজী ১২ রান করেন। কুমিল্লা বোলারদের মধ্যে নাহিদুল, মুস্তাফিজ ও শহিদুল দু’টি করে উইকেট লাভ করেন।