ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ এল ক্ল্যাসিকোর ২৫০তম ম্যাচে আজ বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।

 

স্যান্টিয়াগো বার্নাব্যুতে ১২ মিনিটে করিম বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। ৩৫ মিনিটে ফেদেরিকো ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন। ফেরান তোরেসের গোলে ৮৩ মিনিটে ব্যবধান কমায় বার্সেলোনা (১-৩)। এতে তাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্নও জাগে। যদিও যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর পেনাল্টি গোলে সেই আশা শেষ হয়। ৩-১ গোলের জয় তুলে নেয় বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গতবার বার্নাব্যুতে ৪-০ গোলে জিতলেও এবার জাভি হার্নান্দেজের দল অসহায় আত্মসমর্পণই যেন করল। তাও এমন সময় যখন কিনা তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কায়। ২৬ অক্টোবর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ খেলবে কাতালানরা, যদিও তার আগেই ভিক্টোরিয়া প্লজেনকে যদি ইন্টার মিলান হারায় তবে বিদায় নেবে বার্সা।

 

আজকের এই জয়ের পর বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেছে লস ব্লাঙ্কোসরা। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট, সমান ম্যাচে বার্সার ২২ পয়েন্ট।

 

প্রতিযোগিতামূলক ফুটবলে ২৫০ ম্যাচে মুখোমুখি হয়ে রিয়াল সর্বোচ্চ ১০১টি ও বার্সা ৯৭টিতে জিতেছে।


 

এদিকে, অ্যানফিল্ডে আজ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। এই জয়ের পর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থান থেকে টেবিলের অষ্টম স্থানে উঠে যায় ইয়ুর্গেন ক্লোপের দল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষস্থান ধরে রেখেছে, আর সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি দুইয়ে। আজ আর্সেনাল ১-০ গোলে লিডস ইউনাইটেডকে ও চেলসি ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারায়।

 

ইতালিতে আজ ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছে সালেরনিতানাকে।