গত মাসে সম্পন্ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসির বেচাকেনার সব কার্যক্রম। রোমান আব্রামোভিচ অধ্যায়ের সমাপ্তি শেষে আমেরিকান ব্যবসায়ী টড বোয়েলির নেতৃত্বাধীন একটি গ্রুপ এখন চেলসির মালিক। এবার চেলসির পথে যাচ্ছে ইতালির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব এসি মিলানও। যদিও চেলসির বেচাকেনার ইস্যুটি ছিল যুক্তরাজ্য সরকারের চাপ প্রয়োগ এবং বৈশ্বিক পরিস্থিতিজনিত। তবে এসি মিলানের বর্তমান মালিক আমেরিকান বিনিয়োগ সংস্থা এলিয়ট ম্যানেজমেন্ট কী কারণে ক্লাবটি বিক্রি করছে তা এখনো অস্পষ্ট।

ইএসপিএনের খবরে বলা হয়েছে, আরেক মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটালের কাছে ১২০ কোটি ইউরোয় বিক্রি হচ্ছে এসি মিলান। এজন্য ক্লাবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি। এসি মিলানের পক্ষ থেকেও এ তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির কাছ থেকে ৬০ কোটি ৬০ লাখ ইউরোয় এসি মিলান কিনে নেন চীনা ব্যবসায়ী লি ইয়ংহং। ওই সময় ক্লাবের জন্য বারলুসকোনির হোল্ডিং কোম্পানি ফিনইনভেস্ট থেকে ৯ কোটি ইউরো ঋণ নিয়েছিলেন চীনা ব্যবসায়ী। এছাড়া ক্লাবের আগেরও ঋণ ছিল। পরে এই ঋণের চ্যালেঞ্জ নিতে পারেননি ইয়ংহং। ফিনইনভেস্টের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে তিনি ক্লাব বিক্রি করে দেন এলিয়ট ম্যানেজমেন্টের কাছে।

এপ্রিলে বাহরাইনের বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টকর্প ক্লাবটি কিনতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর হয়েছিল। তবে কোনো চুক্তি ছাড়াই মে মাসে ওই আলোচনার ইতি ঘটে। শেষ পর্যন্ত রেডবার্ডের হাতেই ওঠার সম্ভাবনা জেগেছে মালিকানা। ১১ মৌসুম পর এবার সিরি-আ লিগের শিরোপা জিতেছে এসি মিলান। তাতে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলারও টিকিট কেটে রেখেছে রোজ্জোনেরিরা। ইএসপিএন