বাহরাইনের পর তুর্কমেনিস্তানের বিপক্ষেও হার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় বাংলাদেশ। আজ শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়াম তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। বারবার সুযোগ পেয়েও ফিনিশারের অভাবে গোল হাতছাড়া হয় বাংলাদেশের।


ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। আন্নাদুরদিয়েভ আলতিমিরাতের কোনাকুনি শটে প্রথম গোলের দেখা পায় তুর্কমেনিস্তান। গোলশোধে মরিয়া বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫ মিনিট পরেই গোল শোধ করেন জামাল-রাকিবরা। দারুণ হেডে গোল করেন ইব্রাহীম। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। 


দ্বিতীয়ার্ধে এসেও দারুণ লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু ভাগ্য সহায় ছিল না। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। আরসলানমায়রাতের আলতো টোকায় ড্র থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়। 


আগামী ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।