ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের চেয়েও কঠিন বলে মনে করেন সাউদাম্পটনের হেড কোচ রালফ হাজেনহাটল।

 

প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে সাউদাম্পটনের মাঠে খেলবে লিভারপুল। ম্যানচেস্টার সিটির ওপর চাপ অব্যাহত রাখতে চাইলে এ ম্যাচে জিততেই হবে অল রেডদের। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।

 

রুদ্ধশ্বাস এই লড়াই নিয়ে হাজেনহাটল বলেন, এটি এমনই এক শিরোপা যা নিয়ে প্রত্যেকে কথা বলে, কেননা এটা জয় করা সবচেয়ে কঠিন। আমার কাছে তো মনে হয়, চ্যাম্পিয়নস লিগ জয়ের চেয়ে এই লিগে ৩৮ ম্যাচের লড়াইয়ে শীর্ষে থাকা আরো কঠিন।

 

ফেব্রুয়ারিতে কারাবাও কাপ জয়ের পর গত শনিবার এফএ কাপ জিতে নিয়েছে লিভারপুল। দুটিতেই হারা টাইব্রেকারে হারিয়েছে চেলসিকে। এর মধ্য দিয়ে মৌসুমে চারটি শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রেখেছে লিভারপুল। এজন্য লিগে পরের দুই ম্যাচ জিততে হবে তাদের, সেসঙ্গে ম্যানসিটির হোঁচটের অপেক্ষায়ও থাকতে হবে ইয়ুর্গেন ক্লোপের দলকে।

 

লিগের লড়াই শেষে ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। গত পাঁচটি আসরের মধ্যে তিনবারই ফাইনালে লিভারপুল। এ আসরে ২০১৯ সালে শিরোপা জয় করে ক্লোপের দল। অন্যদিকে, একই সময়ের মধ্যে সিটি মাত্র একবার ফাইনাল খেলেছে। গত মৌসুমে তারা ফাইনালে চেলসির কাছে হেরেছে।

 

গত চার মৌসুমের মধ্যে তিনবারই লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি, বাকি একবার শিরোপা গেছে লিভারপুলে।

 

দুই দলের এই লড়াই নিয়ে অস্ট্রিয়ান কোচ হাজেনহাটল বলেন, লিভারপুল কোচ (ইয়ুর্গেন ক্লোপ) কাজটিকে কঠিন বললেও আমার তো মনে হচ্ছে, সুযোগটা শেষদিন পর্যন্ত টিকিয়ে রাখতে তিনি মঙ্গলবার (সাউদাম্পটন ম্যাচ) নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে হলেও জিততে চাইবেন। প্রিমিয়ার লিগে এমন হাড্ডাহাড্ডি লড়াই থাকাটা দারুণ ব্যাপার। এই লড়াই নিয়ে প্রত্যেকেই উদ্বেলিত এবং এখন আমরাও এই লড়াইয়ের অংশ। এ মৌসুমে ম্যানসিটির বিপক্ষে আমরা আমাদের কাজটি করেছি, তারা আমাদের বিপক্ষে চার পয়েন্ট হারিয়েছে। লিভারপুলের কাছে প্রথম ম্যাচটি আমরা হেরেছি, এখন আমরা দেখিয়ে দিতে চাই যে, বড় যেকোনো দলের বিপক্ষে আমরা লড়াই করতে পারি। বিবিসি