পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগনকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুধু খেলা নয়, আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে। এতে বলা হয়, ‘এমতাবস্থায় পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
মুস্তাফিজ ইস্যুতে শনিবার থেকে উত্তাল ক্রিকেটাঙ্গন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট

বোর্ডকে নির্দেশ দেন যেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের মাটিতে না খেলে লিটন দাসের দল। তার পরামর্শেই নিরাপত্তা শঙ্কার কারণ উল্লেখ করে আইসিসিকে এ বিষয়ে চিঠি দিয়ে ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার অনুরোধ জানায় বিসিবি।
একই দিন আসিফ নজরুল বলছিলেন, তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অনুরোধ করবেন যেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তার দুদিনের মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কঠিন সিদ্ধান্তটি নেয়া হলো। ফলে, আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের খেলা দেখতে পাবেন না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।









