আর্লিং ব্রট হাল্যান্ডকে দলে ভেড়ানোর দৌড়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও বায়ার্ন মিউনিখ ছিল বেশ আলোচনায়। কিন্তু শেষ দিকে এসে নরওয়েজিয়ান তারকাকে ভিড়িয়ে নিল ম্যানচেস্টার সিটি! অন্তত স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ম্যানসিটিতে নাম লেখানোর পথে এই সুপারস্টার। মার্কা জানিয়েছে, হাল্যান্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গেছে ম্যানসিটির। এই সপ্তাহে সিটি থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

 

দ্য অ্যাথলেটিক এর বরাত দিয়ে মার্কা জানিয়েছে, হাল্যান্ডের ইতিহাদে যাওয়ার জন্য একটি চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

 

বর্তমান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে হাল্যান্ডের। জার্মান ক্লাবটিতে তার রিলিজ ক্লজ ৬৩ মিলিয়ন পাউন্ড (৭৫ মিলিয়ন ইউরো)। গত মাসে গণমাধ্যম জানিয়েছিল, এই রিলিজ ক্লজ পরিশোধ করার জন্য প্রস্তুত ম্যানসিটি।

 

ডেইলি মিররের খবরে বলা হয়েছিল, সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতনে ৫ বছরের জন্য নরওয়েজিয়ান স্ট্রাইকারকে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাবটি।

 

আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ছাড়ার পর গত মৌসুম থেকে একজন ‘৯’ নম্বর খুঁজছেন  পেপ গার্দিওলা। টটেনহাম হটস্পার থেকে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের প্রতি আগ্রহ দেখালেও পরে চুক্তি সম্ভব হয়নি। তাই ২১ বছর বয়সী হাল্যান্ডকেই বেছে নিচ্ছেন স্প্যানিশ কোচ।

 

ডর্টমুন্ডের হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে ৮৫ গোল করেছেন হাল্যান্ড। এমন ঈর্ষণীয় পারফরম্যান্সেই বড় ক্লাবগুলোকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছেন হাল্যান্ড। বিবিসি ও মার্কা