নিউজিল্যান্ডের তৌরাঙ্গায় আজ ভোরে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৪৪ রান তোলে ভারতীয় নারীরা। রান তাড়া করতে নেমে পাকিস্তান ১৩৭ রানে গুটিয়ে যায়।

 

মাঝের বড় বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত সংহত অবস্থান গড়ে ভারত। আগে ব্যাটিং করতে নামা মিতালি রাজের দল ১ উইকেটে ৯৬ রান তুলে নিলেও এরপর ১৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপদের মুখে পড়ে। তখন স্কোরটা দাঁড়ায় ১১৪/৬! অবশ্য দলের বিপদে ত্রাতা হয়ে আসেন পূজা বস্ত্রাকর ও স্নেহা রানা। দুজন সপ্তম উইকেটে ১২২ রান যোগ করলে বোর্ডে ৭ উইকেটে ২৪৪ রান পায় ২০১৭ আসরের রানার্সআপ ভারত। বস্ত্রাকর ৬৭ ও স্নেহা হার না মানা ৫৩ রান করেন। ওয়ানডে বিশ্বকাপ ও ভারতের হয়ে এটি সপ্তম উইকেটে রেকর্ড পার্টনারশিপ।

 

টুর্নামেন্টের সর্বনিম্ন র্যাংকধারী দল পাকিস্তানের পক্ষে এই রান তাড়া করে জেতা সম্ভব হয়নি। রাজেশ্বরী গায়কোয়াড় ৩১ রানে ৪ উইকেট তুলে নিলে  মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সিদরা আমিন ৩০ ও দিয়ানা বাইগ ২৪ রান করেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও স্নেহা রানা।

 

আট দলের চলতি বিশ্বকাপে পাকিস্তান মঙ্গলবার ভোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ১০ মার্চ ভারত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড।

 

এদিকে সোমবার ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। বাংলাদেশ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে, আর কিউইদের হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।