ঘরের মাঠে নবম টি-টোয়েন্টি
বিশ্বকাপে শুভসূচনা করল ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ রোববার নবাগত
পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ দুইবারের
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। টি-টোয়েন্টি ক্রিকেটের পরাশক্তিও তারা। এরপর খেলাও নিজেদের
মাঠে। তবু আজ দুর্বল পাপুয়া নিউগিনির কাছে তাদের হারের শঙ্কা তৈরি হয়েছিল। ব্র্যান্ডন
কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান ও অধিনায়ক রভম্যান পাওয়েলের মতো তারকা একে একে সাজঘরের
পথ ধরেন। যদিও চেজ আর রাসেলের ব্যাটে তারা বড় লজ্জা থেকে বেঁচে গেল।
পাপুয়া নিউগিনি ৮ উইকেটে
১৩৬ রানের মাঝারি পুঁজি নিয়েও ৯৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে চোখ রাঙাচ্ছিল স্বাগতিকদের।
চাপের মুখে ষষ্ঠ উইকেটে রোস্টন চেজ ও আন্দ্রে রাসেল ১৮ বলে ৪০ রান যোগ করে বড় অঘটন
থেকে বাঁচিয়েছেন বিশ্বকাপের সহ-আয়োজকদের। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৩১ রানের। চেজের বিস্ফোরক
ব্যাটিংয়ে ৪৮তম ওভার থেকে ১৮ রান তুলে নিয়ে সমীকরণটা সহজ করে ফেলে দুইবারের সাবেক বিশ্বজয়ীরা।
২৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রান করে ম্যাচসেরা হয়েছেন চেজ।










