২০১৮-১৯ মৌসুমে ম্যানচেস্টার সিটি ৯৮ ও
লিভারপুল ৯৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ
হয়েছিল। ২০২১-২২ মৌসুমেও ঠিক একই অবস্থান এই দুটি দলের। দুর্দান্ত লড়াই চলছে
চলতি মৌসুমেও। ৩৭ রাউন্ডের খেলা শেষে ম্যানসিটির ৯০ পয়েন্ট ও লিভারপুলের ৮৯। শেষ
রাউন্ডে হবে শিরোপা নির্ধারণ।
বুধবার দিবাগত রাতে সাউদাম্পটনের কাছে
হারলেই লিগ শিরোপা সিটির হাতে তুলে দিতে হতো অল রেডদের। ম্যাচের শুরুতেই গোল হজম
করে সেই শঙ্কাও জাগিয়ে তুলেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু তাকুমি মিনামিনোর
গোলে দ্রুতই সমতায় ফেরে লিভারপুল, দ্বিতীয়ার্ধে
জোয়েল মাতিপ গোল করলে ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে ঘরে ফেরে রেডরা। সিটির সঙ্গে
তাদের এখন ১ পয়েন্টের পার্থক্য।
শিরোপা দৌড়ে দুই দলের অবস্থান ঊনিশ-বিশের। উভয় দলের একটি করে ম্যাচ বাকি আছে।
২২ মে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার এবং অ্যানফিল্ডে
উলভারহ্যাম্পটনকে মোকাবেলা করবে লিভারপুল। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু
হবে। সেদিনই শিরোপা নির্ধারণ হবে প্রিমিয়ার লিগের।
সিটি জিতলে কোনো হিসেব ছাড়াই শিরোপা তাদের
ঘরে যাবে। সিটিজেনরা ড্র করলে কিংবা হারলে সুযোগ তৈরি হবে লিভারপুলের। তখন তারা
জিতলেই চ্যাম্পিয়ন হবে।
২০১৩-১৪ মৌসুমেও লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট
এগিয়ে থেকে শিরোপা জিতেছিল ম্যানসিটি। শেষ ১০ আসরে সবচেয়ে রোমাঞ্চকর ছিল ২০১১-১২
মৌসুম। ৩৮ রাউন্ড শেষে সিটি-ম্যানইউর
পয়েন্ট ছিল ৮৯। গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জেতে সিটি। এই আসরগুলোর শিরোপা
ভাগ্য নির্ধারণ হয় লিগের শেষ ম্যাচে। প্রিমিয়ার লিগে পাঁচবার শিরোপা জিতেছে
ম্যানসিটি। যার সবকটি শেষ ১০ মৌসুমে থেকে।










