কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ কুয়ালালামপুরে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে আট উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। কিনরারা অ্যাকাডেমি ওভালে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে প্রথমে ব্যাট করা মালয়েশিয়া নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান করে। জবাবে ৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ (৫৩/২)।

৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানা ও মুরশিদা খান ভালো শুরু এনে দেন বাংলাদেশকে। দু’জন মিলে তোলেন ৩৮ রান। ১৯ বলে ২৮ রান করে আউট হন শামীমা। ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার বাউন্ডারি। এর পর ১৬ বলে ১৪ রান করে বিদায় নেন মুরশিদাও। দুই ওপেনারের বিদায়ের পর জয় পেতে সমস্যা হয়নি নারীদের। অধিনায়ক নিগার সুলতানা ৩ ও ফারজানা হকের অপরাজিত ৭ রানে ভর করে নিশ্চিন্তে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে খেই হারিয়ে ফেলে মালয়েশিয়ান নারীরা। স্বাগতিক দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২ রান। এছাড়া চার নম্বরে নামা মাস এলিসার ব্যাট থেকে এসেছে ১১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি। তবে ৪ ওভারে মাত্র ৪ রান দেয়া রুমানা হয়েছেন ম্যাচসেরা।

আগামীকাল কেনিয়া নারীদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।