নিউইয়র্কে নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমবারের মতো নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মাঠে গড়াচ্ছে। এ মাঠে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলংকা।

 

ওট্টনিল বার্টম্যান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা দলে একমাত্র স্পিনার হিসেবে একাদশে আছেন কেশব মহারাজ।

 

নিউইয়র্কে আইসিসি র‍্যাংকিংয়ের সাত ও আট নম্বর দলের লড়াই আজ। প্রোটিয়ারা সদ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এই পরাজয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ অবনমন ঘটেছে তাদের। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই তারা হেরেছে। অন্যদিকে, শ্রীলংকা সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি জিতেছে। তারা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশের সিলেটে। মার্চে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নেয় সিংহলিজরা।

 

তবে ফর্ম যাই হোক না কেন, বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠার মতো রসদ দুই দলেরই আছে। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি রাঙাতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা দুই দল।

    

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্যই তৈরি করা হয়েছে। এই মাঠের উইকেটটি ড্রপ-ইন, যা অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে নেয়া হয়েছে। কাজেই কিছুটা বাড়তি গতি ও বাউন্স পাবেন পেস বোলাররা।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, ওট্টনিল বার্টম্যান।

 

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারা।