গত মৌসুমে অনেকটা বাধাহীনভাবেই লা লিগা শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এবারের দলবদলে একাধিক তারকা খেলোয়াড় কিনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে বার্সেলোনা। তাতে রিয়ালের সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস মিলছে। যদিও শুরুটা একেবারেই ভালো হলো না বার্সার। শনিবার রাতে মৌসুমের প্রথম ম্যাচেই রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। তারকানির্ভর দল নিয়ে এই ড্রটা ভীষণ হতাশাজনক বলে মন্তব্য করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

 

এদিকে, বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আজ রাতে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে মাদ্রিদ জায়ান্টদের প্রতিপক্ষ আলমেরিয়া।

 

ওসাসুনা ও সেভিয়ার ম্যাচ দিয়ে গত শুক্রবার রাতে শুরু হয় লা লিগার ২০২২-২৩ মৌসুম। ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরেছে সেভিয়া। একদিন পর ঘরের মাঠে ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্রয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা। তাতে সাবেক বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডভস্কির অভিষেকের আনন্দই মাটি হলো।

 

হার শেষে নিজের হতাশা লুকালেন না বার্সা কোচ জাভি। লেভানডভস্কির অভিষেকে অরো বেশি প্রত্যাশা ছিল সমর্থকদের। সে বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমি হতাশার কারণটা বুঝি। আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তবে রায়ো ভালো রক্ষণ করেছে। এটা লজ্জার এ কারণে যে, আমরা সমর্থকদের দেখাতে চেয়েছিলাম যে, আমরা সঠিক পথেই আছি। খুবই হতাশার, কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমাদের আরো ভালো আক্রমণ আর সুযোগ তৈরি করা উচিত ছিল। আমরা সেরা খেলাটা খেলতে পারিনি। এটা খুবই হতাশাজনক।

 

তিনি আরো বলেন, এ ম্যাচে যা ঘটেছে এখন তা বিশ্লেষণ করতে হবে আমাদের। উন্নতি করতে হবে এবং নিজেদের মডেলের ওপর আস্থা রেখে কাজ করে যেতে হবে।

 

এ রাতে ইতালিতে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান ৪-২ গোলে উদিনেসকে ও ইন্টার মিলান ২-১ গোলে লেচ্চেকে হারায়। ইন্টার ছেড়ে চেলসিতে এক মৌসুম খেলে আবার ইন্টারে ফিরে আসা রোমেলু লুকাকু ইতালিয়ান জায়ান্টদের জার্সিতে প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।

 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে মপেঁলিয়েকে ৫-২ গোলে হারিয়েছে লিগ চ্যাম্পিয়ন পিএসজি। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার করেন জোড়া গোল। এছাড়া কিলিয়ান এমবাপ্পে, রেনাতো সানচেজ একটি করে গোল পেয়েছেন। আরেকটি গোল আত্মঘাতী হিসেবে পিএসজিকে উপহার দেন প্রতিপক্ষের খেলোয়াড় ফালায়ে সাকো। ২৩ মিনিটে এমবাপ্পে পেনাল্টি মিস না করলেও আরো বড় ব্যবধানে জিততে পারতো ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচ ক্রিস্টোফ গালতিয়ারের অধীনে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল পিএসজি।

 

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় লজ্জা দিয়েছে ব্রেন্টফোর্ড। ঘরের মাঠে তারা ৪-০ গোলে হারায় রেড ডেভিলদের। এর আগে নতুন কোচ রায়ান টেন হাগের অধীনে প্রথম ম্যাচেও হেরেছে ম্যানইউ। ক্লাবটি ১৯৯২-৯৩ মৌসুমের পর এই প্রথম লিগের প্রথম দুটি ম্যাচেই হারের স্বাদ পেল।

 

ম্যানইউ যে ব্যবধানে হেরেছে ঠিক সেই ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল হারিয়েছে বোর্নমাউথকে। ইকাই গুন্দোয়ান, কেভিন ডি ব্রুইন, ফিল ফডেন সিটির হয়ে গোল করেন। বোর্নমাউথের  জেফারসন লারমা আত্মঘাতী গোল করে সিটিকে আরেকটু এগিয়ে দেন।

 

প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনাল ৪-২ গোলে লেস্টার সিটিকে ও অ্যাস্টন ভিলা ২-১ গোলে এভারটনকে হারায়।

 

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লন্ডন ডার্বিতে মুখোমুখি চেলসি ও টটেনহাম। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এছাড়া নবাগত দল নটিংহাম ফরেস্ট খেলবে ওয়েস্ট হামের মাঠে।