নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আজ নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানকে সাত উইকেটে হারায় মেগ লেনিংবাহিনী। এর ফলে পাকিস্তান তাদের দুটি ম্যাচেই হারের মুখ দেখল। অপর দিকে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অজিরা।

টস হেরে প্রথমে ব্যাটিং করে ছয় উইকেটে ১৯০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে অ্যালিসা হিলির হাফসেঞ্চুরিতে ৩৪.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার হিলি। এলিস পেরি ২৬ ও বেথ মুনি ২৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া রাচায়েল হেইনস ৩৪ ও লেনিং ৩৫ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে ওমাইমা সোহাইল দুটি উইকেট নেন।

এর আগে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। পাক অধিনায়ক বিসমাহ মারুফ ও আলিয়া রিয়াজ তুলে নেন হাফসেঞ্চুরি। কিন্তু তাদের ইনিংস ছিল মন্থর গতির। ১২২ বলে ৭৮ রান করেন বিসমাহ, ১০৯ বলে ৫৩ রান করেন আলিয়া। এছাড়া অন্য ব্যাটাররা ভালো সঙ্গ ও ঝড়ো ইনিংসও খেলতে পারেননি। যার ফলে সংগ্রহও বেশ বড় হয়নি। অজি বোলারদের মধ্যে অ্যালানা কিং দুটি উইকেট নেন।