মঙ্গলবার চট্টগ্রামে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগের দিন আজ সোমবার ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাসকে।
পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে ১৯১ রানের ইনিংস খেলার পর হাসেনি মুশফিকের ব্যাট। তিনি রানে ফিরতে মরিয়া। তাই রোববার দলের অনুশীলন শুরুরও আগে প্রায় দেড় ঘন্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি। আজও ঐচ্ছিক অনুশীলনে ছুটে যান। অধিনায়ক শান্তর সময়ও ভালো যাচ্ছে না। ব্যাটে রান নেই। মিরপুর টেস্টে দুই ইনিংস মিলে করেছেন ৩০ রান। মুশফিকের মতো তিনিও রানে ফিরতে মরিয়া। তাই আজ নেটে বাড়তি সময় দিলেন।
বিস্ময়করভাবে রানখরায় লিটন দাসও। রাওয়ালপিন্ডিতে ১৩৩ রানের লড়াকু ইনিংস খেলার পর তার ব্যাটে আর রান নেই। প্রোটিয়াদের সঙ্গে ঢাকায় করেছেন যথাক্রমে ১ ও ৭ রান! এছাড়া ভারত সফরে চেন্নাই টেস্টে ২৩ ও কানপুর টেস্টে ১৪ রান করেন। এবার চট্টগ্রাম টেস্টে রানে ফিরতে মরিয়া এই খেলোয়াড় ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং সেরে নিয়েছেন।
আজ ঐচ্ছিক অনুশীলনে পেসারদের মধ্যে খালেদ আহমেদকে দেখা যায়। তিনি তাসকিন আহমেদের জায়গায় এই টেস্টে ডাক পেয়েছেন। যদিও তার খেলা নিশ্চিত নয়।
এদিকে, আজ নেটে দারুণ এক দৃশ্যের অবতারণা দেখা যায়। নেটে বল করছিলেন তিন স্পিনার—তাইজুল ইসলাম, নাঈম হাসান ও নবাগত মুরাদ হাসান। আর ব্যাট করছিলেন মুশতাক আহমেদ। পাকিস্তানি কিংবদন্তি স্পিনার এখন বাংলাদেশ দলের স্পিন কোচ। তিনি ব্যাট হাতে শিষ্যদের পরখ করে নেন।










