ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর মাত্র
তিনদিন আগে ছিটকে গেলেন বাংলাদেশ দলনায়ক তামিম ইকবাল। আজ রাতে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার অনুশীলনকালে কুঁচকিতে চোট পান তামিম।
তার চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, এমআরআই করে দেখা যায়, তামিমের ডান কুঁচকিতে গ্রেড-ওয়ান টাইপের স্ট্রেইন রয়েছে। আমরা দুই
সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখব, এরপর শুরু
হবে পুনর্বাসন। দুর্ভাগ্যজনকভাবে, এ কারণে
ওয়ানডে ও টেস্ট সিরিজে তার খেলা হবে না।
এদিকে, চোটের
সঙ্গে লড়ছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও। তিনি পিঠের ব্যথা থেকে সেরে উঠছেন
বলে জানান ফিজিও। তাসকিনকে প্রথম ওয়ানডে থেকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বিকল্প
হিসেবে বামহাতি পেসার শরিফুল ইসলামকে দলভুক্ত করেছেন নির্বাচকরা।
রোববার ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
প্রথম ওয়ানডে ম্যাচ। ৭ ডিসেম্বর একই মাঠে দ্বিতীয় ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে ১০ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর টেস্টের
লড়াই। ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয়
টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। তিনটি ওয়ানডে শুরু হবে বেলা ১২টায়, টেস্ট শুরু সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
লিটন কুমার দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর
রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী
হাসান মিরাজ, মুস্তাফিজুর
রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত
হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল
হোসেন শান্ত, নুরুল
হাসান সোহান ও শরিফুল ইসলাম।










