প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ। গতকাল শারজা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরল নাজমুল হোসেন শান্তর দল। ৩৪ বছরের দীর্ঘ অধ্যায়ে শারজায় প্রথম জয় পেল বাংলাদেশ। ১৯৯০ সাল থেকে এখানে ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জয়হীন ছিল টাইগাররা। অবশেষে ধরা দিল জয়।

গতকাল ২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৮৪ রান করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। স্পিনার নাসুম আহমেদ ২৮ রানে ৩টি উইকেট নেন। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার মুস্তাফিজুর রহমান উভয়ই ২টি করে উইকেট নেন।

এর আগে শান্তর ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। তিনি ১১৯ বলে ৭৬ রান করেন। গত মাসে মিরপুর টেস্টে অভিষেকে ফিফটি করা জাকের আলী গতকাল ওয়ানডে অভিষেকেও দারুণ ব্যাটিং করেন। ২৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি দলের সংগ্রহ ২৫০ পার করেন। ৫০ ওভারে বাংলাদেশ তুলেছে ৭ উইকেটে ২৫২ রান। সৌম্য সরকার ৩৫ ও নাসুম আহমেদ ২৫ রান করেন। নানজেয়ালিয়া খারোতি ২৮ রানে ৩টি এবং রশিদ খান ও আল্লাহ মোহাম্মদ গজনফর ২টি করে উইকেট নেন। সোমবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।