কভিড-১৯ পজিটিভ হওয়ায় প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে ছাড়াই এশিয়া কাপে খেলতে হতে পারে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল মঙ্গলবার দুবাই পৌঁছায় ভারতের টিম বহর। জিম্বাবুয়ে সফর শেষে সরাসরি রাতে তাদের সঙ্গে যোগ দেন লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, আভেশ খান ও দীপক হুদাও।

জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে ছিলেন না দ্রাবিড়। তার পরিবর্তে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ভিভিএস লক্ষ্মণ।

এশিয়া কাপেও লক্ষ্মণ কোচ থাকবে কিনা, এ বিষয়টি পরিষ্কার করেনি বিসিসিআই। তবে জিম্বাবুয়ে থেকে লক্ষ্মণও দুবাই গিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দ্রাবিড়ের লক্ষণগুলো হালকা, তাই আমরা অপেক্ষা করব। পরে সিদ্ধান্ত নেব যে ভিভিএস লক্ষ্মণকে তার বদলি হিসাবে রাখা হবে কিনা। দ্রাবিড়ের অবস্থা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা লক্ষ্মণকে দুবাইয়ে কয়েকদিন থাকতে বলতে পারি।

আগামী শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি২০ এশিয়া কাপ। পর দিনই নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।