মোহালিতে শ্রীলংকাকে প্রায় একাই হারিয়ে দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ১৭৫ রানের রাজসিক ইনিংস খেলে ভারতকে পৌঁনে ছয়শ রান এনে দেয়া এই বামহাতি ব্যাটার বল হাতেও অনবদ্য। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে শ্রীলংকাকে ১৭৪ রানে অলআউট করেন। ফলো-অনের শিকার লংকানরা দ্বিতীয় ইনিংসে আরো অসহায়। এ প্রতিবেদন লেখার সময় অতিথি দলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৩০ রান। ভারতের প্রথম ইনিংস থেকে তখনো ২৭০ রান পিছিয়ে ছিল তারা।

 

জাদেজা ৪১ রানে ৫টি এবং জসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্র অশ্বিন প্রত্যেকেই দুটি করে উইকেট নিলে ১৭৪ রানে গুটিয়ে যায় লংকানরা। ফলো-অনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে ৪৫ রানের মধ্যে হারায় তিন উইকেট। ধনঞ্জয়া ডি সিলভা (৩০), অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৮) ও চারিথ আসালঙ্কা (২০) লংকানদের চাপ থেকে বের করে আনার চেষ্টা করলেও তারা সবাই জাদেজা ও অশ্বিনের ঘূর্ণির শিকার হন। ১২১ রানের সময় শ্রীলংকার তিন ব্যাটারের বিদায় ঘটান জাদেজা ও অশ্বিন। তারা দুজনই নেন প্রথম ৭ উইকেটের ছয়টি।