পোল্যান্ডকে হারিয়ে আজই চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে উঠে যাওয়ার সুযোগ ছিল সৌদি আরবের সামন। আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাসী দলটি এমন আশাই হয়তো করছিল। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ অবশ্য কোনো সৌদি চমক দেখা যায়নি। বিশ্বকাপে প্রথম গোল পেয়েছেন কৃতী স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি, তাতে ভর করে মধ্যপ্রাচ্যের দলটিকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল পোল্যান্ড।

 

সৌদি আরবকে হারিয়ে ইউরোপের দলটি উঠে যায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। বুধবার শেষ গ্রুপ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যোলান্ড, একই দিন সৌদি আরব খেলবে মেক্সিকোর বিপক্ষে। এদিকে, আজ বিকেলে ‘ডি’ গ্রুপ ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল অস্ট্রেলিয়া।

 

কাতারে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে পোল্যান্ড। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ স্ট্রাইকার লেভানদোভস্কি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য আতঙ্কের এক নাম। তবে মেক্সিকো গোলকিপার গিলার্মো ওচোয়াকে পরাস্ত করতে পারেননি, সেদিন পোল্যান্ডও জেতেনি।

 

কাল নিজেকে মেলে ধরলেন লেভানদোভস্কি। ক্লাবের ফর্ম বিশ্বকাপেও টেনে আনলেন, জেতালেন দেশকে। লেভার কাটব্যাক থেকে পিওতর জিয়েলিনস্কি ৩৯ মিনিটে পোল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ৮২ মিনিটে লেভার গোলে পোল্যান্ডের জয় নিশ্চিত হয়। সৌদি মিডফিল্ডার আবদেলুলেলাহ আল মালকির ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন তিনি। তার আগে নাটকীয়তায় ভরা ছিল ম্যাচ। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সৌদি আরবের আল দাওয়াসারি। এরপরও একাধিক সুযোগ হারায় হার্ভে রেনোর দল।

 

পোল্যান্ডের হয়ে ৭৭তম গোল পেলেন লেভানদোভস্কি, তবে বিশ্বকাপে এটিই তার প্রথম। রাশিয়া বিশ্বকাপে তিন ম্যাচ খেলে কোনো গোল পাননি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় নাম লেখানো এই কৃতী স্ট্রাইকার। অবশেষে বিশ্বকাপে নিজের পঞ্চম ম্যাচে এসে গোলের দেখা পেলেন ৩৪ বছর বয়সী তারকা।

 

পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া সৌদি আরবকে এবার থামাল পোল্যান্ড। ১৯৯৪ থেকে বিশ্বকাপে ইউরোপের দলের কাছে টানা ৯ ম্যাচে হারল মধ্যপ্রাচ্যের দেশটি। এমনকি এর মধ্যে আট ম্যাচে কোনো গোল করতেও ব্যর্থ হয় তারা।