বর্তমানে ওয়ানডে ও টি-২০ সংস্করণে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক টেস্টে অবস্থান করছেন পাঁচ নম্বরে। এই পাকিস্তানীর ব্যাটিংয়ে মুগ্ধ ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বলেছেন, প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির তিন সংস্করণের র্যাংকিংয়ের চূড়ায় উঠবেন বাবর।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ পারফরম্যান্সে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দলে ডাক পেয়েছেন কার্তিক। সম্প্রতি ‘আইসিসি রিভিউ’ অনুষ্ঠানে বাবরকে নিয়ে তুলে ধরেন তার ভাবনা। কার্তিক বলেছেন, আমি শতভাগ নিশ্চিত (সব সংস্করণে র্যাংকিংয়ের শীর্ষে উঠতে বাবর সক্ষম)। সে বড় মাপের খেলোয়াড়, ব্যাটিংয়ে সে ফর্মের তুঙ্গে আছে এবং তার সামনে বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। তিন সংস্করণের ক্রিকেটেই সে অসাধারণ এবং ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনেও সে ভালো করেছে। তাকে শুভকামনা জানাই। তার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন আছে।
তবে গত এক দশক ধরে লাল বলের ক্রিকেটে রাজত্ব করছেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
সমসাময়িক এই চার জনকে একসঙ্গে ক্রিকেট
দুনিয়ায় বলা হয় ‘ফ্যাব ফোর’। সামপ্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে উঠে আসছে বাবরের নামও।
অনেকে মনে করেন ‘ফ্যাব ফোর’ বাদ দিয়ে এটিকে ‘ফ্যাব ফাইভ’ বলার সময় এসেছে।
কার্তিকও মনে করেন, সময়টা দূরে নয়। ৩৭ বছর বয়সী ভারতীয় ব্যাটার বলেন, আমরা যে ‘ফ্যাব ফোর’ নিয়ে কথা বলি, তা খুবই
শক্তিশালী এবং তারা লম্বা সময় ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে কোনো সন্দেহ
নেই যে, বাবর এটাকে ‘ফ্যাব ফাইভ’ বানাতে চলেছে। সে খুবই স্পেশাল খেলোয়াড়।










