সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেছে বাংলাদেশ, যাতে ১০ উইকেটে হারের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে হোয়াইটয়াশের লজ্জা পেয়েছে সাকিব আল হাসানের দল। এবার দ্বীপপুঞ্জে টি২০ ও ওয়ানডে মিশন। তবে সীমিত ওভারের সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের জন্য দুটি ‘অনিশ্চিত’ ঘটনার অবতারণা। একটি বৈরি আবহাওয়া, অন্যটি সাকিবের ওয়ানডে সিরিজে না খেলার খবর।

 

বাংলাদেশ দলের সেন্ট লুসিয়া থেকে বিশেষ ফেরিতে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আরেক দ্বীপরাষ্ট্র ডমিনিকায় যাওয়ার কথা, যেখানে ২ ও ৩ জুলাই সিরিজের দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা) ফেরিতে রওনা হওয়ার কথা ছিল ক্রিকেট দলের। তবে সাইক্লোনের প্রভাবে আটলান্টিকে এ মুহূর্তে বৈরি আবহাওয়া বিরাজ করায় যাত্রা একদিন পিছিয়ে গেছে। কারণ, যে পথ দিয়ে ফেরিটির যাওয়ার কথা সেখানে সাইক্লোনের প্রভাবে ১০-১৫ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়।

 

যে ফেরিতে করে ডমিনিকায় যাওয়ার কথা তাদের পক্ষ থেকেই বৃহস্পতিবার সকাল ৭টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা) রওনা হওয়ার কথা বলা হয়েছে। যদিও তারা যাত্রার ব্যাপারে পুরোপুরি নিশ্চয়তা দেননি, কেননা এটি আবহাওয়ার ওপর নির্ভর করছে।

 

সেন্ট লুসিয়া থেকে সরাসরি যে বিমান ডমিনিকায় যায় তা খুবই ছোট ও ব্যয়বহুল হওয়ায় ক্রিকেটারদের এই ফেরিতে যাওয়ার ব্যবস্থা। সেন্ট লুসিয়া থেকে এভাবেই ডমিনিকায় মানুষ যাতায়াত করে থাকেন।

 

ডমিনিকা যাত্রা একদিন পিছিয়ে যাওয়ার মানে, সেখানে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ দল একদিন কম সময় পাচ্ছে। বৃহস্পতিবার পৌঁছলে ম্যাচের আগে মাত্র একদিন সময় পাবে মাহমুদউল্লাহর দল, এটুকু সময়েই তাদের  সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। ক্রিকেটাররা বুধবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামেই অনুশীলন সেরে নেয়।

 

এই যখন দলের অবস্থা তখন সাকিব আল হাসানকে নিয়েও সব সময়ের মতো তৈরি হয়েছে নাটকীয়তা। তিনি ১০ জুলাই গায়ানায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছেন না। বুধবার সন্ধ্যায় ঢাকায় বিসিবির বোর্ড মিটিং শেষে সংবাদমাধ্যমকে সংস্থাটির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব এই সিরিজে হয়তো খেলছেন না।

 

গত মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষে সাকিব নিজেই বলছিলেন, ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটেই তিনি যখন আছেন যখন সেখানে খেলবেনও। তবে গতকাল পাপন বললেন, আমি শুনেছি যে, ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগেই সাকিব নাকি জালাল ভাইকে (বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস) বলেছে, সে ওয়ানডে খেলবে না। আমি তার সঙ্গে আজ বা কাল কথা বললেই এ ব্যাপারে পরিষ্কার হতে পারব। অবশ্য সে এখনো অফিশিয়ালি বোর্ডকে কিছু জানায়নি। তবে একে আপনারা অফিশিয়াল ভাবতে পারেন, কেননা সে মৌখিকভাবে জালাল ভাইকে জানিয়েছে।

 

পাপন বলেছেন, এই সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় সাকিব না খেললেও সমস্যা নেই।

সাকিবের পরিবর্তে স্পিনার তাইজুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে, যিনি টেস্ট দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। ২০২০ সালের পর ওয়ানডে খেলেননি তাইজুল।

 

চোটের কারণে ছিটকে পড়েছেন সাইফউদ্দিন, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী। এতে দলে পরিবর্তন আসছে। টেস্ট ও ওয়ানডে দলে থাকা মেহেদী হাসান মিরাজকে ঢোকানো হচ্ছে টি২০ দলে। আর সাইফউদ্দিনের জায়গায় টি২০ সিরিজে খেলবেন তাসকিন আহমেদ, যিনি ছিলেন শুধু ওয়ানডে সিরিজের দলে।