বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২২ এ মিনিস্টার গ্রুপ ঢাকা ফ্রাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (সোমবার) মিনিস্টার গ্রুপের হেড অফিসে দলটির জার্সি উন্মোচন করা হয়েছে। সেখানেই অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তিনজনই খেলবেন মিনিস্টার ঢাকার হয়ে। প্লেয়ার্স ড্রাফটের পর থেকে প্রশ্ন উঠেছিল- ঢাকার অধিনায়কত্ব তাহলে কে পাচ্ছেন? আজ জার্সি উন্মোচন হওয়ার আগে দলটির মালিকানা প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেন।
তিনি বলেছেন, আমাদের ক্যাপ্টেন কুল মাহমুদউল্লাহ রিয়াদকে গর্বের সঙ্গে উপস্থাপন করছি। তাকে আমাদের দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি। তার অধীনে দল জয় ছিনিয়ে আনবে।
তামিম বলেছেন, প্রথমে স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, ঢাকা মাঠের লড়াইয়ে সাফল্য পাবে। আমরা তিনজন সাধারণত ভিন্ন ভিন্ন দলে খেলি, এবার একসঙ্গে খেলছি, দারুণ ব্যাপার। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে দলকে চ্যাম্পিয়ন করাতে সর্বোচ্চ সবকিছু করার।
ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, আমি ঢাকার হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ ভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্টে অনেক কিছু প্রমাণ করার আছে। আমাদের ছেলেরা প্রস্তুত আছে। আশা করি, ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারবো।










