কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ আজ সুইসদের ১-০ গোলে হারায় সেলেসাওরা। এ জয়ে মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছে তারা। বিশ্বকাপের গ্রুপপর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো লাতিন আমেরিকার পরাশক্তিরা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এত ম্যাচ অপরাজিত থাকার নজির নেই।
সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলের পরাজয় দেখতে হয় সেলেসাওদের। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে ব্র্রাজিল। চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে তিতের দল। এবার সুইজারল্যান্ডকে হারিয়ে ছাড়িয়ে গেলো সবাইকে।
সোমবার রাতে স্টেডিয়াম ৯৭৪-এ সুইসদের বিপক্ষে জয়টা অবশ্য সহজ ছিল না ব্রাজিলের। পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেললেও গোল বের করতে পারছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৩ মিনিটে ব্রাজিলের জয়সূচক গোল করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। তিনি দুর্দান্ত ভলিতে গোলটি করেন। এর আগে ৬৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
তবে লড়ে হেরেছে সুইসরা। বিশ্বকাপ মানেই ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের সমানতালে লড়াইয়ের ইতিহাস। কাতারের মাঠেও তার ব্যতিক্রম হয়নি। ‘জি’ গ্রুপের ম্যাচে সেলেসাওদের প্রথমার্ধে কোনো গোল করতে দেয়নি ইউরোপের দেশটি। ১ ঘণ্টা খেলা শেষেও স্কোর ছিল ০-০। গোল না হলেও আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা।










