বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শুক্রবারের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারের লজ্জা দিল চট্টগ্রাম রয়্যালস।

সিলেটে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার প্লের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসা ঢাকা একটি পর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদের মুখে পড়ে। মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেনের ব্যাটে দলটি একশ পেরোতে পারলেও শেষ পর্যন্ত ১২২ রানে অলআউট হয়ে যায় ঢাকা। এ রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২.৪ ওভারে জয় তুলে নেয় চট্টগ্রাম। অবিচ্ছিন্ন থেকে দলকে জেতান মোহাম্মদ নাঈম শেখ ও ইংলিশ ক্রিকেটার অ্যাডাম রোসিংটন।

রোসিংটন ৩৬ বলে ৬০ ও নাঈম ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। অবিশ্বাস্য ম্যাচ কাটল রোসিংটনের। উইকেটের পেছনে দাঁড়িয়ে বিপিএলের রেকর্ড চারটি স্টাম্পিং করার দিনেই তিনি ব্যাট হাতেও জ্বলে উঠলেন।

এই জয়ে সিলেট টাইটানসকে সরিয়ে দুইয়ে উঠে গেল চট্টগ্রাম। যদিও রাতে আবার দ্বিতীয় স্থান পুনরুদ্ধারের সুযোগ থাকবে সিলেটের। সন্ধ্যা সাতটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট। বৃহস্পতিবার রাতে জমজমাট ম্যাচে সুপার ওভারে রাজশাহীর কাছে হেরে যায় রংপুর। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী।

তিন ম্যাচে এটা চট্টগ্রামের দ্বিতীয় জয় আর সমান ঢাকার দ্বিতীয় হার।