অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে বোলিং নৈপুণ্য দেখালেন বাংলাদেশের পেসাররা। স্বাগতিক দলটি লিড নিলেও তাদের চাপের মুখে রাখেন মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেনরা। আজ তৃতীয় ও শেষ দিন ১০৭ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩৫১ রান।

 

জেরেমি সোলোজানো সর্বোচ্চ ৯২ রান করেন। এছাড়া ত্যাগনারায়ণ চন্দরপল ৫৯ ও অধিনায়ক ইয়ান্নিক ক্যারিয়াহ ৫৬ রান করেন। শেষ দিকে প্রেস্টন ম্যাকসুইন ও কলিন আর্চিবাল্ড মারমুখী ব্যাটিংয়ে দলের সংগ্রহ সাড়ে তিনশ পার করান। ম্যাকসুইন হাফসেঞ্চুরি করেন। মুস্তাফিজ ও এবাদত নেন সমান তিনটি করে, আর তরুণ পেসার রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদের শিকার একটি করে উইকেট। 


১৬ মাস পর লাল বলের ক্রিকেটে মাঠে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজ। ৬ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি। 

 

এর আগে তামিম ইকবালের ১৬২ রানের রাজসিক ইনিংসে ভর করে বাংলাদেশ তিনশোর্ধ্ব সংগ্রহ (৩১০/৭/ডি.) পায়।