সেনেগালের দলসেরা খেলোয়াড় সাদিও মানেকে বিশ্বকাপে পাওয়া নিয়েই ঘোর সংশয়। তবু তাকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। তাকে নিয়ে অনেকটা বাজিই ধরেছেন সেনেগাল কোচ আলিউ সিসে।
গত মঙ্গলবার জার্মান বুন্দেসলিগায় ভেরডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে চোট পান বায়ার্ন মিউনিখের ৩০ বছর বয়সী সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে চোট পাওয়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয় সেনেগালের। যদিও এই কৃতী স্ট্রাইকারকে নিয়েই শুক্রবার কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল।
ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন ৬-১ গোলের জয় পেলেও দুঃসংবাদের কারণ হন সাদিও মানে। তিনি ডান ফিবুলায় চোট পান। এ কারণে গতকাল শালকের বিপক্ষে ম্যাচেও তাকে পায়নি বাভারিয়ানরা।
কাতার বিশ্বকাপে সেনেগাল খেলবে ‘এ’ গ্রুপে, ২১ নভেম্বর
নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
মানের চোটের ব্যাপারে সেনেগাল কোচ আলিউ সিসে শুক্রবার ডাকারে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং তার চোটের অবস্থা মূল্যায়নের জন্য আমাদের একজন চিকিৎসককেও সেখানে (জার্মানি) পাঠিয়েছি। বৃহস্পতিবার পুরো দিন মিউনিখে কাটিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য অস্ট্রিয়া গিয়েছেন মানে। ভালো সংবাদ হলো তার অস্ত্রোপচার লাগবে না। তার দুই-তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। আমরা তাকে পুরোপুরি বাতিলের খাতায় ফেলছি না।
কোচের কথায় এটা স্পষ্ট, গ্রুপ পর্বের প্রথম দু-একটি ম্যাচ হয়তো খেলতে পারবেন না মানে। তবে দলটি যদি নকআউট পর্বে উঠতে পারে তখন শীর্ষ এ স্ট্রাইকারকে কাজে লাগাতে পারবেন সিসে।
মানে সেনেগালের সেরা খেলোয়াড়। গত ফেব্রুয়ারিতে ক্যামেরুনে অনুষ্ঠিত ‘আফ্রিকা কাপ অব নেশনস’-এর ফাইনালে মিসরের বিপক্ষে তার পেনাল্টি গোলেই প্রথমবারের মতো শিরোপা জয় করে সেনেগাল।
এর ঠিক দুই মাস পর সেই মিসরের বিপক্ষে ফের সেনেগালের জয়ের নায়ক মানে। এবার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে। মিসরের সঙ্গে সেনেগালের ম্যাচের মীমাংসা হয় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস টাইব্রেকারে মানের পা থেকেই আসে সেনেগালের জয়সূচক গোল।










