চলতি মাসে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এ টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউ)।
দলে জায়গা
পেয়েছেন তিন নতুন মুখ। তবে ছুটি নেয়ায় দলে নেই অলরাউন্ডার জেসন হোল্ডার। অন্যদিকে
ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কেমার রোচ। ফিট না
হওয়ায় তাকেও দলে রাখা হয়নি।
তিন নতুন মুখ হলেন- উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার
গুদাকেশ মোতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতি এরই মধ্যে ক্যারিবীয়দের হয়ে
সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের।
হোল্ডারের অনুপস্থিতির বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে বলা
হয়েছে, অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি। কারণ তিনি বিশ্রাম ও পুনর্বাসনের
জন্য বিরতি চেয়েছেন। যে কারণে বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই থাকছেন না
তিনি।
এছাড়াও প্রাথমিকভাবে দলে রাখা হয়নি তারকা পেসার কেমার রোচকে। ইংল্যান্ড
কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে তাকে দলে নেয়ার পথ
খোলা রেখেছে ক্যারিবীয়রা। বিবৃতিতে বলা হয়েছে, ফিটনেস টেস্ট নেয়া হবে রোচের। পাস
করলে স্কোয়াডে ১৩তম সদস্য হিসেবে ঢুকবে।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে জেতা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন
শামার ব্রুকস ও ভিরাসামি পারমল। ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া রোস্টন চেজ ও জোমেল
ওয়ারিকানকে দেখা যাবে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের
দলে।
আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৪ জুন
থেকে সেইন্ট লুসিয়ায় মাঠে গড়াবে পরের ম্যাচটি। এর আগে আগামীকাল শুক্রবার শুরু হবে
তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস










