চতুর্থ দিনের খেলা শেষে ড্রয়ের সম্ভাবনা জাগে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট। পঞ্চমদিন সেটি বাস্তবে রূপ নিয়েছে। ড্র হয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট। ১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পঞ্চমদিন শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৫২ রান। সেঞ্চুরি তুলে নেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক (১৩৬*) ও ইমাম-উল-হক (১১১*)। প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন ইমাম (১৫৭)। দুই ইনিংসে মিলিয়ে ২৬৮ রান করে ম্যাচসেরাও এই ওপেনার। নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন শফিক।

এর আগে চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসে সাত উইকেটে ৪৪৯ রান করে অস্ট্রেলিয়া। আজ সেখান থেকে ব্যাটিংয়ে নেমে স্কোরে ১০ রান যোগ করতেই বাকি তিন উইকেট হারায় তারা। পাকিস্তানের বোলারদের মধ্যে স্পিনার নুমান আলি ছয়টি ও পেসার শাহিন শাহ আফ্রিদি দুটি উইকেট নেন।

আগামী শনিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।