টেলিভিশন সম্প্রচারস্বত্বের একটি অংশ ২০ কোটি ইউরোয় বিক্রি করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, যা আর্থিক সংকটে থাকা ক্লাবটিকে সাহায্য করবে।
বৃহস্পতিবার এফসি বার্সেলোনা বলেছে, ইনভেস্টমেন্ট ফার্ম সিক্সথ স্ট্রিট ২০ কোটি ৭৫ লাখ ইউরোয় (২১ কোটি ৫০ লাখ ডলার) আগামী ২৫ বছরের জন্য স্প্যানিশ লিগে ক্লাবটির ১০ শতাংশ টিভিস্বত্ব কিনে নিয়েছে।
এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, আর্থিক সম্পদ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। কাতালানরা জানিয়েছে, এ চুক্তির ফলে চলতি মৌসুমে ক্লাবটির মোট রাজস্ব আহরণ গিয়ে দাঁড়াবে ২৬৭ মিলিয়ন ইউরোয়।
বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বলেছেন, আমরা আমাদের অর্থনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং ধৈর্যশীল, টেকসই ও কার্যকর কৌশল নিচ্ছি যাতে আর্থিক ভিতটা মজবুত করতে পারি। সিক্সথ স্ট্রিট হলো ফুটবলের একটি একনিষ্ঠ সমর্থক, বৈশ্বিক খেলা ও মিডিয়ায় অভিজ্ঞ বিনিয়োগকারী ও একটি সহযোগী যাদের রয়েছে এ খাতে প্রভূত জ্ঞান। আশা করি, তাদের সাহচর্য, জ্ঞান ও আর্থিক সহযোগিতা নিয়ে আমার আমাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব।
লিওনেল মেসি গত মৌসুমে পিএসজিতে চলে যাওয়ার পর আর্থিকভাবে ভেঙে পড়ে বার্সা, যে অবস্থা ধীরে ধীরে কাটিয়ে উঠছে ক্লাবটি। এরই মধ্যে আবার দল পুনর্গঠনের কাজটিও করতে হচ্ছে কাতালানদের। এ মুহূর্তে আলোচনায় লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তার জন্য ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে তৈরি বার্সেলোনা। এর পরও তাকে পাওয়া নিশ্চিত নয়, কেননা বার্সার প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছে চেলসি, যারা নতুন মালিকের অধীনে এখন নতুন করে আর্থিকভাবে বেশ চাঙ্গা রয়েছে।










