ক্যারিয়ারের ৯০০তম গোলের কাছাকাছি পৌঁছে গেলেন লিওনেল মেসি। আজ শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে এক গোল করে তিনি ইন্টার মায়ামির জয়ে অবদান রাখেন। ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলে। বাল্টিমোট র্যাভেনসে ৭২ হাজার দর্শকের সামনে করা মেসির এ গোলটি তার ক্যারিয়ারের ৮৯৯তম।
প্রথমার্ধের মাঝামাঝি (২৭ মিনিট) সময় নিখুঁত ফিনিশিংয়ে ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাতেও সিলভেত্তির পাস থেকে বল পেয়ে দারুণ এক ফ্লিকে প্রতিপক্ষের গোলকিপার শন জনসনকে পরাস্ত করেন মেসি। এর আগে ১৭ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মেসির আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল। ৭৫ মিনিটে বারিবোর গোলে ডিসি ব্যবধান কমালেও ইন্টারকে জয়বঞ্চিত করা যায়নি।
২০২৩ সালের জুনে যোগ দেয়ার পর ইন্টার মায়ামির জার্সিতে ৮০ গোল করলেন মেসি। তিনি বার্সেলোনার হয়ে ৬৭২ গোল, প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে ৩২ গোল ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল করেন। আগামী ১১ মার্চ ন্যাশভিলের বিপক্ষে ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক গড়তে পারেন ৩৮ বছর বয়সী মেসি।
৯০০ গোলে অভিজাত ক্লাবে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যোগ দিতে পারেন মেসি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৯০০ গোলের মাইলফলক অর্জন করেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি ম্যানইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে এখন খেলেন সৌদি আরবের আল-নাসের ক্লাবে। ১১৪০ ম্যাচ খেলে মেসি করেছেন ৮৯৯ গোল, আর রোনালদো ১৩১২ ম্যাচে করেছেন ৯৬৫ গোল। মেসির অ্যাসিস্ট ৪০৭টি আর রোনালদোর ২৬১টি।
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে ০-৩ গোলে হারের পর টানা দুই ম্যাচ জিতে নিল মেসির ইন্টার মায়ামি।









